Ranji Trophy: হরিয়ানার বিরুদ্ধে শক্তি বাড়িয়েই নামবে বাংলা, দলে জোড়া নতুন মুখ
Ranji Trophy: রঞ্জি ট্রফিতে ২৩ জানুয়ারি থেকে কল্যাণীতে হরিয়ানার মুখোমুখি হচ্ছে বাংলা। নক আউট পর্বে ওঠার পথ কঠিন হলেও অসম্ভব নয়।
বাংলার এর পরের ম্যাচ রয়েছে পাঞ্জাবের বিরুদ্ধে। আজ বেছে নেওয়া হলো হরিয়ানা ম্যাচের বাংলা দল।

মহম্মদ শামি ভারতের টি২০ আন্তর্জাতিক দলে রয়েছেন। সে কারণে শামিকে পাওয়া যাবে না হরিয়ানা ম্যাচ। আকাশ দীপেরও চোট। অলরাউন্ডার শাহবাজ আহমেদও নেই। তবে মুকেশ কুমারকে হরিয়ানা ম্যাচে পাওয়া যাবে। অস্ট্রেলিয়া সফর সেরে ফিরে বাংলার হয়ে রঞ্জিতে খেলবেন অভিমন্যু ঈশ্বরণও।
অনুষ্টুপ মজুমদারের নেতৃত্বাধীন ঘোষিত দলে দুই নতুন মুখ। অনূর্ধ্ব ১৯ বিভাগে ভালো খেলার পুরস্কার হিসেবে বাংলার রঞ্জি দলে এই প্রথম ডাক পেলেন অঙ্কিত চট্টোপাধ্য়ায় ও বিশাল ভাটি। দলে রয়েছেন ঋদ্ধিমান সাহা ও অভিষেক পোড়েল। মধ্যপ্রদেশ ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৫২ রানের ইনিংস খেলে দলকে জেতানোর পিছনে অবদান রাখা ঋত্ত্বিক চট্টোপাধ্যায় অবশ্য বাদ পড়লেন। শনিবার থেকে কল্যাণীতে অনুশীলন শুরু করবে বাংলা।
বাংলা এবারের রঞ্জি অভিযান শুরু করেছিল উত্তরপ্রদেশের বিরুদ্ধে ড্র দিয়ে, সেই ম্যাচে প্রথম ইনিংসে লিড নেওয়ায় তিন পয়েন্ট ঘরে তোলে। এই ম্যাচটিতেও জেতার পরিস্থিতি তৈরি করেছিল বাংলা। এরপর প্রাকৃতিক দুর্যোগের কারণে গ্রুপের সবচেয়ে দুর্বল দল বিহারের বিরুদ্ধে ম্যাচ পরিত্যক্ত হয়। যা বাংলার কাজ কঠিন করে দেয়।
বৃষ্টি ও মাঠ ভিজে থাকার কারণে ড্র হয়ে যায় বাংলা বনাম কেরল ম্য়াচ। সেই ম্যাচেও বাংলার প্রথম ইনিংস শেষ হয়নি, ফলে পয়েন্ট ভাগাভাগি হয়। এরপর কর্ণাটকের বিরুদ্ধে ড্র করলেও প্রথম ইনিংসে লিডের সুবাদে তিন পয়েন্ট পায় বাংলা। তারপর ইন্দোরে মধ্যপ্রদেশকে হারায় ১১ রানে।
এলিট গ্রুপ সি-তে এই মুহূর্তে শীর্ষে রয়েছে হরিয়ানা। ৫ ম্য়াচে তাদের ঝুলিতে ২০ পয়েন্ট। নেট রান রেট ১.১০৬। কেরল ৫ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে, নেট রান রেট ১.৯৬৯। বাংলা রয়েছে তিন নম্বরে। অনুষ্টুপদের ঝুলিতে রয়েছে ১৪ পয়েন্ট। নেট রান রেট ১.২৭৬।
গ্রুপ পর্যায়ে কেরল মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলে শেষ ম্যাচে নামবে বিহারের বিরুদ্ধে। বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে হরিয়ানা খেলবে কর্ণাটকের বিরুদ্ধে। বাংলার গ্রুপ পর্বের শেষ প্রতিপক্ষ পাঞ্জাব। বাংলা রঞ্জির নক আউটে যেতে না পারলে ইডেনেই বিদায়ী ম্যাচ খেলতে হবে ঋদ্ধিমান সাহাকে।
হরিয়ানা ম্যাচের জন্য ঘোষিত বাংলা দল- অনুষ্টুপ মজুমদার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ কুমার ঘরামি, সুদীপ চট্টোপাধ্যায়, অভিষেক পোড়েল, সুমন্ত গুপ্ত, শুভম চট্টোপাধ্যায়, করণ লাল, অঙ্কিত চট্টোপাধ্যায়, প্রদীপ্ত প্রামাণিক, বিশাল ভাটি, মুকেশ কুমার, মহম্মদ কাইফ, সুরজ সিন্ধু জয়সওয়াল, ঋষভ বিবেক, রোহিত কুমার, সায়ন ঘোষ, সুমিত মোহন্ত, সৌম্যদীপ মণ্ডল।












Click it and Unblock the Notifications