Ranji Trophy: লারার রেকর্ড অধরাই থাকল, ব্যাট হাতে নতুন বিশ্বরেকর্ড গড়লেন হায়দরাবাদের তন্ময়
রঞ্জি ট্রফির ম্যাচে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করে রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছেন তন্ময় আগরওয়াল। শুক্রবার অরুণাচলপ্রদেশের বিরুদ্ধে ম্যাচের প্রথম দিনেই ব্যাট হাতে ত্রিশতরান করে একাধিক রেকর্ড গড়েন হায়দরাবাদী ব্যাটসম্যান। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম দ্বিশতরান ও ত্রিশতরানের রেকর্ডটি নিজের দখলে নিয়ে নিয়েছিলেন ওপেনার তন্ময়। দ্রুততম চারশো করার হাতছানি ছিল তাঁর সামনে।
তবে দ্রুততম ৪০০ রান করতে না পারলেও তন্ময় আগরওয়াল ব্যাট হাতে একটি বিশ্ব রেকর্ড সৃষ্টি করলেন। অরুণাচলপ্রদেশের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় দিনে তন্ময় ৩৬৬ রান করে আউট হলেন। তাঁর অনবদ্য ইনিংস সাজানো ছিল ৩৪টা চার আর ২৬টি ছয় দিয়ে। তাতেই প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছয় মারার বিশ্বরেকর্ড ভেঙেছেন তন্ময়।

শনিবার দ্বিতীয় দিনের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটি করতে থাকেন তন্ময়। তাঁর ব্যাট থেকে আশা করা হচ্ছিল ৪০০ রানই আসতে চলেছে। কিন্তু ৩৬৬ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হল তাঁকে।
প্রথম দিনের ইনিংস শেষে সংবাদ সংস্থা পিটিআইকে তন্ময় বলেন, আমি ভাল এবং কৃতজ্ঞ বোধ করছি। আমি ১৫০ পূর্ণ করার পরে, আমি শুধু বড় শর্ট খেলার চেষ্টা শুরু করেছিলাম এবং ভাগ্য আমার পক্ষে ছিল। আমি সবসময় ব্যাটের মাঝখানে দেখতে পেতাম এবং বল বেরিয়ে যায়। আমি শুধু ব্যাট করতে থাকলাম আর মারতে থাকলাম।'
তবে প্রথম শ্রেণির ক্রিকেটে লারার ৫০১ রানের রেকর্ড স্পর্শ করতে পারলেন না তন্ময়। তবে সর্বাধিক ছক্কা মারার নিরিখে বিশ্ব রেকর্ড করে ফেললেন। এটাই বা কম কিসের? প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতীয়দের মধ্যে চতুর্থ সর্বোচ্চ রান। রঞ্জি ট্রফিতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান বাসুদেব নিম্বালকর(অপরাজিত ৪৪৩), পৃথ্বি শ করেছেন ৩৯৭, সঞ্জয় মাঞ্জরেকর করেছেন ৩৭৭ রান। এমভি শ্রীধর আরও এক হায়দরাবাদী করেছিলেন ৩৬৬ রান। এবার সেই তালিকায় নাম লেখালেন তন্ময় আগরওয়াল।
হায়দরাবাদ বনাম অরুণাচল ম্যাচে টস জিতে প্রথমে অরুণাচলকে ব্যাট করতে পাঠায় হায়দরাবাদের ক্যাপ্টেন রাহুল সিং। প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয় অরুণাচল। এরপর ৪ উইকেটে ৬১৫ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে হায়দরাবাদ।












Click it and Unblock the Notifications