Ranji Trophy: রঞ্জি খেলবেন সূর্য, শিবম! হরিয়ানার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে মুম্বইয়ের শক্তিবৃদ্ধি
Ranji Trophy: রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ৮ ফেব্রুয়ারি থেকে লাহলিতে হরিয়ানার মুখোমুখি হবে মুম্বই। এই ম্যাচে মুম্বই নামছে শক্তি বাড়িয়ে।
মুম্বইয়ের যে ১৮ সদস্যের দল ঘোষিত হয়েছে তাতে নাম রয়েছে সূর্যকুমার যাদব ও শিবম দুবে। দুজনেই সদ্যসমাপ্ত ভারত-ইংল্যান্ড টি২০ সিরিজ খেলেছেন।

সূর্যকুমারের নেতৃত্বে ভারত ৪-১ ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতেছে। যদিও সূর্যর ব্যাটে রানের খরা চলছে। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর রান যথাক্রমে ০, ১২, ১৪, ০ ও ২। যদি বিজয় হাজারে ট্রফির পারফরম্যান্স এর সঙ্গে ধরা হয়, তাহলে শেষ ৯টি ইনিংসে সূর্য চারবার শূন্যে আউট হয়েছেন। মাত্র একবার ২০ রান করেছেন!
চলতি রঞ্জি ট্রফিতে সূর্য মহারাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে খেলেছিলেন। শিবম দুবে গত মাসে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে খেলেছিলেন। দুই ইনিংসেই শূন্য রানে আউট হন। বল হাতে ১ উইকেট পেয়েছিলেন। তিনিও লাল বলের ক্রিকেট বেশি খেলেন না।
সদ্যসমাপ্ত ভারত-ইংল্যান্ড টি২০ সিরিজে দুবে পুণেতে ৫৩ রান করেছিলেন। মুম্বইয়ে শেষ ম্যাচে ৩০ রান করার পাশাপাশি ২টি উইকেটও নেন। চলতি বছর রঞ্জিতে শিবম একটিই রঞ্জি ম্যাচ খেলেছেন। সেটিতে মুম্বই হেরেছিল। রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার ও যশস্বী জয়সওয়ালকে আপাতত আর রঞ্জিতে পাবে না মুম্বই। তাঁরা ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই যাবেন।
মেঘালয়কে ইনিংস ও ৪৫৬ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই। জম্মু ও কাশ্মীরের কাছে হারার ফলে এই ম্যাচটিতে তাদের জিততেই হতো। গ্রুপের শেষ ম্যাচ থেকে সাত পয়েন্টই আদায় করেছে অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন দল।
মুম্বই দল- অজিঙ্ক রাহানে (অধিনায়ক), আয়ুষ মাত্রে, অঙ্গকৃষ রঘুবংশী, অমোঘ ভাটকল, সূর্যকুমার যাদব, সিদ্ধেশ লাড, শিবম দুবে, আকাশ আনন্দ (উইকেটকিপার), হার্দিক তামোরে (উইকেটকিপার), সূর্যাংশ শেড়গে, শার্দুল ঠাকুর, শামস মুলানি, তনুশ কোটিয়ান, মোহিত অবস্থি, সিলভেস্টার ডি'সুজা, রয়স্টন ডায়াস, অথর্ব আঙ্গোলেকর, হর্ষ তান্না।












Click it and Unblock the Notifications