Ranji Trophy: কর্ণাটক ম্যাচ থেকে তিন পয়েন্টের আশা জিইয়ে রাখল বাংলা, সুরজ ও বিবেকের ঝুলিতে ২টি করে শিকার
Ranji Trophy: রঞ্জি ট্রফিতে বাংলা-কর্ণাটক ম্যাচ ড্র হওয়ারই সম্ভাবনা। ফলে প্রথম ইনিংসের লিড গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম ইনিংসে বাংলা তুলেছিল ৩০১।
জবাবে খেলতে নেমে কর্ণাটকের অর্ধেক ব্যাটিং লাইন আপ সাজঘরে ফিরে গিয়েছে। এখনও বাংলা এগিয়ে ১৪৬ রানে।

প্রথম দিনের শেষে বাংলার স্কোর ছিল ৭৮ ওভারে ৫ উইকেটে ২৪৯। আজ দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই শাহবাজ আহমেদ বাসুকি কৌশিকের চতুর্থ শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন। শাহবাজ করেন ১১০ বলে ৫৯, তিনি আউট হন দলের ২৫৪ রানে।
এরপর স্কোরবোর্ডে কোনও রান যোগ হওয়ার আগে ঋদ্ধিমান সাহাও আউট হয়ে যান। ২০ বলে ৬ রান করে ঋদ্ধি অভিলাশ শেট্টির দ্বিতীয় শিকার। শেষ অবধি ১০১.৫ ওভারে বাংলার ইনিংসে যবনিকা পতন ঘটে ৩০১ রানে। আমির গোনি ১৮, সুরজ সিন্ধু জয়সওয়াল ১৬, ঈশান পোড়েল ৫ রান করেন। অভিষেক ম্যাচে ঋষভ বিবেক ১ রানে অপরাজিত থাকেন।
কর্ণাটকের বাসুকী কৌশিক ১২টি মেডেন-সহ ২৫ ওভারে ৩৮ রান দিয়ে পাঁচ উইকেট নেন। শ্রেয়স গোপাল ২টি মেডেন-সহ ২৫.৫ ওভারে ৮৭ রানের বিনিময়ে নেন তিন উইকেট। অভিলাশ শেট্টি ২টি উইকেট পেয়েছেন, ৬টি মেডেন-সহ ২০ ওভারে ৬২ রান খরচ করে।
জবাবে খেলতে নেমে শুরুটা খারাপ করেনি কর্ণাটক। বাংলাকে প্রথম উইকেট তোলার জন্য অপেক্ষা করতে হয় ষোড়শ ওভার পর্যন্ত। ১৫.৪ ওভারে ৩৪ রানে ওপেনিং জুটি ভাঙে কর্ণাটকের। কিষাণ বেদারে ৫০ বলে ২৩ রান করে ঈশান পোড়েলের শিকার হন। তিনে নামা সুজয় সাতেরিকে (১৩ বলে ১০) আউট করেন ঋষভ বিবেক।
২৫তম ওভারে শেষ বলে অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল (৭৮ বলে ১৭) সুরজ সিন্ধু জয়সওয়ালের ডেলিভারিতে বোল্ড হয়ে যান। কর্ণাটকের দ্বিতীয় উইকেট পড়ে ৫২ রানে, তৃতীয় উইকেট ৬২ রানে। ২৫.৫ ওভারে ৬৩ রানে চতুর্থ উইকেট হারায় কর্ণাটক। মণীশ পাণ্ডে (২ বলে ০) ঋষভ বিবেকের দ্বিতীয় শিকার।
৩৩তম ওভারের শেষ বলে ৯৭ রানে পঞ্চম উইকেট খোয়ায় কর্ণাটক। আর স্মরণ ৩৫ বলে ২৬ রান করে সুরজের দ্বিতীয় শিকার। দিনের শেষে ৫১ ওভারে কর্ণাটকের স্কোর ৫ উইকেটে ১৫৫। ৬টি চার ও একটি ছয়ের সাহায্যে ৭৩ বলে ৫০ রানে অপরাজিত অভিনব মনোহর। ৫৫ বলে ২৩ রানে ব্যাট করছেন শ্রেয়স গোপাল।
কাল সকালে দ্রুত এই জুটি ভেঙে কর্ণাটককে যতটা সম্ভব কম রানে বেঁধে ফেলাই চ্যালেঞ্জ বাংলার বোলারদের। সুরজ ২টি মেডেন-সহ ১৭ ওভারে ৫৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। তিনটি মেডেন-সহ ১৫ ওভারে ৪৪ রানের বিনিময়ে ২ উইকেট দখল করেছেন জলপাইগুড়ির ঋষভ বিবেক। তিনটি মেডেন-সহ ১৫ ওভারে ৩৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন ঈশান পোড়েল।












Click it and Unblock the Notifications