Ranji Trophy: সুদীপের শতরান, ঋদ্ধির হাফ সেঞ্চুরি, কর্ণাটক ম্যাচ থেকে তিন পয়েন্টই প্রাপ্তি বাংলার
Ranji Trophy: প্রথম ইনিংসে অনুষ্টুপ মজুমদারের পর দ্বিতীয় ইনিংসে সুদীপ কুমার ঘরামির শতরান। বেঙ্গালুরুতে কর্ণাটক ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলা।
এরপর বাংলার প্রতিপক্ষ মধ্যপ্রদেশ। প্রথম ইনিংসে শাহবাজ আহমেদের পর দ্বিতীয় ইনিংসে ঋদ্ধিমান সাহার অর্ধশতরানও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা কমাল।

চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে বাংলাকে ব্যাট করতে পাঠিয়েছিল কর্ণাটক। বাংলা প্রথম ইনিংসে তোলে ৩০১, এরপর কর্ণাটককে ২২১ রানে বেঁধে ফেলতেই নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলার ৩ পয়েন্ট প্রাপ্তি। তবে অনুষ্টুপ মজুমদারের এই ম্যাচ থেকে ৬ পয়েন্ট আদায় সম্ভব হচ্ছে না।
বাংলা ৮১.৪ ওভারে ৫ উইকেটে ২৮৩ রান তুলে এদিন দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয়। ১৯৩ বলে ১০১ রান করে তিনে নামা সুদীপ অপরাজিত থাকেন। তিনি ১২টি চার ও ২টি ছয় মেরেছেন। ঋদ্ধিমান সাহা সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে ৭০ বলে অপরাজিত ৬৩ রানের ইনিংস খেলেন।
৫৫.৪ ওভারে ১৬০ রানে বাংলার পঞ্চম উইকেটের পতন ঘটেছিল। এরপর সুদীপ ও ঋদ্ধি মিলে অবিচ্ছেদ্য ষষ্ঠ উইকেট জুটিতে ১৫৬ বলে ১২৩ রান যোগ করেন। দুই ওপেনাপ শুভম দে ৩০ ও সুদীপ চট্টোপাধ্যায় ৪৮ রান করে আউট হন।
অনুষ্টুপ ৫, শাহবাজ আহমেদ ১৮ ও অভিলীন ঘোষ ৫ রান করেন। বিদ্যাধর পাতিল তিনটি এবং বাসুকী কৌশিক ও অভিলাশ শেট্টি ১টি করে উইকেট দখল করেন। জেতার জন্য কর্ণাটকের টার্গেট ৩৬৪। শেষ পাওয়া খবরে ময়াঙ্ক আগরওয়ালের দলের স্কোর ১ উইকেটে ১২। ১.২ ওভারে ময়াঙ্ক ৫ রান করে সুরজ সিন্ধু জয়সওয়ালের শিকার হন দলের ৯ রানের মাথায়।












Click it and Unblock the Notifications