Ranji Trophy: শুভমান গিলের শতরানেও বাঁচল না পাঞ্জাব, কর্ণাটকের কাছে ইনিংস ও ২০৭ রানে হার
Ranji Trophy: রঞ্জি ট্রফিতে শতরান হাঁকালেন শুভমান গিল। যদিও তাতে ঘোচাতে পারলেন না পাঞ্জাবের লজ্জা। কর্ণাটকের কাছে হার ইনিংস ও ২০৭ রানে।
ভারতীয় টেস্ট দলের তারকারা রঞ্জিতে নেমে হতাশই করেছেন। ব্যাটে-বলে সাফল্য পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা। এবার শুভমান গিল। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে শতরান হাঁকালেন।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছিল কর্ণাটক। পাঞ্জাবের প্রথম ইনিংস শেষ হয় মাত্র ৫৫ রানে। বাসুকী কৌশিক চারটি, অভিলাশ শেট্টি তিনটি, প্রসিদ্ধ কৃষ্ণ ২টি ও যশোবর্ধন পরান্তপ নেন ১টি উইকেট।
এরপর কর্ণাটক তোলে ৪৭৫ রান। চারে নেমে রবিচন্দ্রন স্মরণ ২৭৭ বলে ২০৩ রানের ইনিংস খেলেন। ২৫টি চার ও তিনটি ছয়ের সাহায্যে। ময়াঙ্ক মার্কণ্ডে ও জসিন্দর সিং নেন তিনটি করে উইকেট। গুরনুর ব্রারের ঝুলিতে ২টি উইকেট।
এরপর দ্বিতীয় ইনিংসে পাঞ্জাব শেষ ৬৩.৪ ওভারে ২১৩ রানেই। শুভমান গিল প্রথম ইনিংসে ৮ বলে ৪ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে গিল করলেন ১৭১ বলে ১০২ রান। মেরেছেন ১৪টি চার ও তিনটি ছয়। তবে বাকিরা বলার মতো রান পাননি।
প্রথম শ্রেণির ক্রিকেটে গিল এদিন ১৪তম শতরান হাঁকালেন। শতরান নিশ্চিতভাবেই তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের আগে স্বস্তি দেবে। এদিনের পরাজয়ের ফলে রঞ্জি থেকে বিদায় নিল পাঞ্জাব।
পাঞ্জাবের মতো এদিন হরিয়ানার কাছে রঞ্জি থেকে ছিটকে গেল বাংলাও। দুই দলের কাছেই পরবর্তী ম্যাচটি হয়ে দাঁড়াল নিয়মরক্ষার। যদিও সেই ম্যাচে গিল খেলবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।












Click it and Unblock the Notifications