Ranji Trophy: রোহিতের কড়া ডোজেই কাজ? মুম্বইয়ের হয়ে রঞ্জি সেমিফাইনাল খেলবেন শ্রেয়স
Ranji Trophy: শ্রেয়স আইয়ারকে অবশেষে রঞ্জি ট্রফিতে দেখা যাবে। ২ মার্চ থেকে মুম্বইয়েই ফাইনালে ওঠার লক্ষ্যে খেলতে নামবে অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন মুম্বই।
বিসিসিআইয়ের নির্দেশ উপেক্ষা করে শ্রেয়স বরোদার বিরুদ্ধে রঞ্জি কোয়ার্টার ফাইনাল খেলেননি। পিঠে চোটের কারণ দেখিয়েছিলেন। যদিও এনসিএ তাঁর এই চোটের বিষয়ে অন্ধকারেই ছিল।

প্রবল সমালোচনার মুখে পড়ে অবশেষে শ্রেয়স রঞ্জি খেলার সিদ্ধান্ত নিলেন। গতকাল রোহিত শর্মা কারও নাম না করে যে কড়া বার্তা দিয়েছিলেন, শ্রেয়সের ভোলবদলে তাই অনেকেই মনে করছেন, ভারত অধিনায়কের ডোজেই আসল কাজটা হয়েছে। ফলে সেমিফাইনালে শক্তিবৃদ্ধি মুম্বইয়ের।প্রবল সমালোচনার মুখে পড়ে অবশেষে শ্রেয়স রঞ্জি খেলার সিদ্ধান্ত নিলেন। গতকাল রোহিত শর্মা কারও নাম না করে যে কড়া বার্তা দিয়েছিলেন, শ্রেয়সের ভোলবদলে তাই অনেকেই মনে করছেন, ভারত অধিনায়কের ডোজেই আসল কাজটা হয়েছে। ফলে সেমিফাইনালে শক্তিবৃদ্ধি মুম্বইয়ের।
ব্যাক স্প্যাজমের কারণে শ্রেয়সের বরোদা ম্যাচ থেকে সরে দাঁড়ানো নিয়ে জলঘোলা কম হয়নি। শ্রেয়স খারাপ ফর্মের কারণে ভারতীয় দল থেকে বাদ পড়েছেন। বিসিসিআই স্পষ্ট নির্দেশ দিয়েছিল, ভারতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের রঞ্জি ট্রফির ম্যাচ খেলতেই হবে। কিন্তু শ্রেয়স, ঈশান কিষাণ তাতে কর্ণপাত করেননি।
জানা গিয়েছিল, ন্যাশনাল ক্রিকেট আকাদেমির মেডিক্যাল টিম বোর্ড ও নির্বাচকদের কাছে যে ফিটনেস রিপোর্ট পাঠিয়েছিল তাতে শ্রেয়সের ব্যাক স্প্যাজমের উল্লেখ ছিল না। যদিও পিঠের চোট বারেবারেই ভুগিয়েছে শ্রেয়সকে। তাঁকে অস্ত্রোপচারও করাতে হয়েছিল।
কিন্তু একাংশের তরফে অভিযোগ আসে, শ্রেয়স-সহ অনেকেই আইপিএল পুরোটা খেলার লক্ষ্যে নানাবিধ ছুতোয় লাল বলের ক্রিকেট এড়াচ্ছেন। তারই মধ্যে রোহিত শর্মা গতকাল কারও নাম না করে বার্তা দেন, ক্রিকেটের সবচেয়ে কঠিন ফরম্যাট টেস্টে সাফল্য পাওয়ার খিদে যাঁদের নেই, তাঁদের খেলাবেন না।
যাঁরা টেস্টে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকবেন, দীর্ঘক্ষণ ব্যাটিং বা লম্বা স্পেলে বোলিং করার বিষয়ে তাঁদের টেস্ট দলে প্রাধান্য দেওয়ার কথা বলেন রোহিত। তিনি এমন কথাও বলেছিলেন, দেখলেই বোঝা যায় কাদের মধ্যে খিদে রয়েছে আর কাদের মধ্যে সেই সাফল্যের খিদেটা নেই।
২ মার্চ থেকে বিকেসি গ্রাউন্ডে মুম্বই রঞ্জি সেমিফাইনাল খেলতে নামবে তামিলনাড়ুর বিরুদ্ধে। তার আগে মুম্বই দলে নেওয়া হলো শ্রেয়সকে। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে শ্রেয়স জানিয়েছেন, তিনি এখন ফিট, মুম্বইয়ের হয়ে খেলতে তৈরি। ভারতীয় দল থেকে বাদ পড়ার পর তিনি দুটি রঞ্জি ম্যাচ খেলেননি ফিটনেসের কারণ দেখিয়ে।
মুম্বইয়ের পাশাপাশি শক্তিবৃদ্ধি হলো তামিলনাড়ুর। ওয়াশিংটন সুন্দর ভারতীয় টেস্ট দলে ছিলেন। তবে সুযোগ মেলেনি। ধরমশালা টেস্ট শুরু ৭ মার্চ থেকে। রঞ্জি সেমিফাইনাল ৫ দিন খেলা হলে শেষ হবে ৬ মার্চ। ফলে সুন্দরকে ছাড়তে আপত্তি করেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। চোট সারিয়ে বি সাই সুদর্শনও ফিরলেন তামিলনাড়ু দলে।












Click it and Unblock the Notifications