Ranji Trophy: রঞ্জিতে টানা দ্বিতীয় শতরান শ্রেয়সের, রোহিতের গুরু-পুত্র সিদ্ধেশও হাঁকালেন সেঞ্চুরি
Ranji Trophy: রঞ্জি ট্রফিতে টানা দ্বিতীয় শতরান হাঁকালেন শ্রেয়স আইয়ার। মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে শরদ পওয়ার ক্রিকেট আকাদেমির মাঠে চলছে মুম্বই-ওডিশা ম্যাচ।
ওডিশা টস জিতে ফিল্ডিং নিয়েছিল। শ্রেয়স আইয়ার ও সিদ্ধেশ লাডের শতরানে ভর করে বড় রানের দিকেই এগিয়ে যাচ্ছে মুম্বই। শ্রেয়স সেঞ্চুরি পেলেও চূড়ান্ত ব্যর্থ অধিনায়ক অজিঙ্ক রাহানে।

পৃথ্বী শ মুম্বইয়ের রঞ্জি দল থেকে বাদ পড়েছেন। ফলে মুম্বইয়ের ইনিংসের সূচনা করেন অঙ্গকৃষ রঘুবংশী ও আয়ুশ মাত্রে। আয়ুষ করেন ১৮। ৫ ওভারে ১৯ রানে প্রথম উইকেট হারায় মুম্বই। এরপর অঙ্গকৃষ ও সিদ্ধেশ দলকে পৌঁছে দেন ৪০ ওভারে ১৫৪ রানে।
৪১ ওভারের প্রথম বলে শতরান থেকে ৮ রান দূরে থামেন অঙ্গকৃষ। আইপিএলে কেকেআরের হয়ে খেলা অঙ্গকৃষ কেরিয়ারের দ্বিতীয় প্রথম শ্রেণির ম্যাচে ১৩টি চার ও তিনটি ছয়ের সাহায্যে করলেন ১২৪ বলে ৯২। বিপ্লব সামন্তরায়ের বলে বোল্ড হন অঙ্গকৃষ। তার পরের বলেই লেগ বিফোর অজিঙ্ক রাহানে (১ বলে ০)।
১৫৪ রানে দুটি উইকেট হারানোর পর এই প্রতিবেদন লেখা অবধি আর উইকেট হারায়নি মুম্বই। শ্রেয়স আইয়ার ১০১ বলে শতরান পূর্ণ করেছেন। মহারাষ্ট্রের বিরুদ্ধে তিনি করেছিলেন ১৪২। ত্রিপুরার বিরুদ্ধে ম্যাচে বিশ্রামে ছিলেন শ্রেয়স। ফের মাঠে নেমেই সেঞ্চুরি হাঁকালেন।
শ্রেয়সের কাছে চ্যালেঞ্জ ভারতের টেস্ট দলে প্রত্যাবর্তন। অস্ট্রেলিয়া সিরিজের দলে সুযোগ পাননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলার পর ভারতীয় দলের হয়েও মাঠে নামতে পারেননি। দলীপ ট্রফিতে ভারতীয় ডি-র হয়ে নেমেছিলেন। কিন্তু আহামরি পারফরম্যান্স ছিল না।
ভারতীয় সি দলের বিরুদ্ধে ৯ ও ৫৪, ভারতীয় এ দলের বিরুদ্ধে ০ ও ৪১ এবং ভারতীয় বি দলের বিরুদ্ধে ০ ও ৫০ রানে আউট হন। ইরানি কাপে মুম্বইয়ের হয়ে ৫৭ ও ৮ করেছিলেন। বরোদার বিরুদ্ধে রঞ্জি ম্যাচের দুই ইনিংসে করেন ০ ও ৩০। মহারাষ্ট্র ম্যাচে ১৪২ রানের ইনিংস খেলেছিলেন। তারপর এদিনের শতরান, প্রথম শ্রেণির কেরিয়ারে পঞ্চদশ।
রোহিত শর্মার ছোটবেলার কোচ দীনেশ লাডের পুত্র সিদ্ধেশের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শ্রেয়স। সিদ্ধেশ এদিন পেয়ে গেলেন প্রথম শ্রেণির কেরিয়ারের নবম শতরান। শেষ পাওয়া খবরে মুম্বইয়ের স্কোর ৮৪ ওভারে ৩ উইকেটে ৩৫৭। সিদ্ধেশ ১৩টি চারের সাহায্যে ২১১ বলে ১০৫ ও শ্রেয়স ১৭টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৪৯ বলে ১৩৩ রানে ব্যাট করছেন।












Click it and Unblock the Notifications