Rohit Sharma: রোহিত মুম্বইয়ের নেটে দারুণ ছন্দে, আত্মবিশ্বাসী রাহানে বড় রানের প্রত্যাশায়
Rohit Sharma: রোহিত শর্মা ১০ বছর পর নামছেন রঞ্জি ট্রফি খেলতে। কাল থেকে মুম্বইয়ে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ম্যাচ শুরু।
আজও মুম্বইয়ের অনুশীলনে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রোহিত শর্মা। রোহিতের কাছ থেকে বড় রান প্রত্যাশা করছেন অজিঙ্ক রাহানেও।

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ভারত অধিনায়ক রোহিত ১৫ ইনিংসে মাত্র ১৬৪ রান করেছেন। গড় ১০.৯৩। জুনে ইংল্যান্ড সফর। ইংল্যান্ডে ভারতীয় এ দলের দুটি প্রস্তুতি ম্যাচ বাদ দিলে লাল বলের ওই সিরিজের আগে হাতে ২টি রঞ্জি ম্যাচ পাচ্ছেন রোহিতরা।
বিরাট কোহলি ৩০ তারিখ থেকে শুরু হতে চলা রঞ্জি ম্যাচ খেলবেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই অধিনায়ক রোহিত মুম্বইয়ের হয়ে পরের ম্যাচে নামবেন কিনা সেটা স্পষ্ট নয়। তবে ভারতের টেস্ট দলের অনেক তারকাই কাল যে রঞ্জি ম্যাচগুলি শুরু হবে তাতে খেলবেন।
মুম্বই যেমন পাচ্ছে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়ালকে, তেমনই ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, শুভমান গিলদেরও রঞ্জি খেলতে দেখা যাবে। মুম্বই অধিনায়ক অজিঙ্ক রাহানে বলেন, রোহিতের মধ্যে সাফল্য পাওয়ার খিদে রয়েছে। তিনি ভালো কিছু করতে মুখিয়ে রয়েছেন। থিতু হলেই তাঁর ব্যাটে বড় রান দেখা যেতেই পারে।
রাহানে জানান, রোহিত নেটে খুবই ভালো ব্যাট করছেন। সাফল্য-ব্যর্থতা প্লেয়ারের কেরিয়ারে আসবেই। তবে আমি রোহিতকে নিয়ে খুব আত্মবিশ্বাসী। রোহিত সব সময়ই রিল্যাক্সড থাকেন। আন্তর্জাতিক ক্রিকেটেও সেই মেজাজ বদলায় না।
রোহিত নিজের খেলা খুব ভালো বোঝেন। ফলে তাঁকে কী করতে হবে তা বলার দরকার পড়ে না। মন্তব্য রাহানের। তিনি বলেন, আমি নিশ্চিত রোহিত ভালোই করবেন। তাঁর মধ্যে কোনও পরিবর্তন আসেনি, সেটাই সবচেয়ে ভালো দিক।
রোহিত ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে দুটি রঞ্জি ম্যাচ খেলবেন কিনা তা নিয়ে নিশ্চিত নন রাহানে। মুম্বই অধিনায়ক বলেন, আমার মনে হয় রোহিত একটি ম্যাচেই খেলবেন। পরের ম্যাচটি নিয়ে বলতে পারছি না। তবে আগামী চার দিনে রোহিতের নানা ইনপুট খুব কাজে লাগবে।
রোহিতের সঙ্গে যশস্বী জয়সওয়ালও কালকের ম্য়াচে খেলবেন। রাহানে মনে করেন, এই দুই ক্রিকেটারের কাছ থেকে ড্রেসিংরুমে ও মাঠের মধ্যে মুম্বইয়ের বাকি ক্রিকেটাররা অনেক কিছু শেখার সুযোগ হাতছাড়া করবেন না।
জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচে মুম্বই দল তারকাখচিত। রোহিত, যশস্বী রাহানে ছাড়াও রয়েছেন শ্রেয়স আইয়ার, শিবম দুবে, শার্দুল ঠাকুর। শামস মুলানি, সিদ্ধেশ লাড, তনুশ কোটিয়ানদের মতো ঘরোয়া ক্রিকেটাররাও ভালো ছন্দে রয়েছেন।












Click it and Unblock the Notifications