Ranji Trophy: রঞ্জি ট্রফিতে বাংলা দলে অভিষেক পেসার ঋষভ বিবেকের, সাফল্যের প্রার্থনায় জলপাইগুড়ি
Ranji Trophy: প্রায় চার দশক পর বাংলা দলে জলপাইগুড়ির কোনও ক্রিকেটার। আজ বেঙ্গালুরুতে কর্ণাটকের বিরুদ্ধে বাংলার ম্যাচ শুরু হলো। তাতে অভিষেক হলো ঋষভ বিবেকের।
বাংলার অনূর্ধ্ব ১৬ বা অনূর্ধ্ব ১৯ বিভাগে খেলার সুযোগ না পেলেও পেসার ঋষভ নজর কাড়েন অনূর্ধ্ব ২৩ দলের হয়ে। আর এবার কাঙ্ক্ষিত রঞ্জি অভিষেক।

মহম্মদ শামি ফিট হননি। মুকেশ কুমার ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে। আকাশ দীপ রয়েছেন ভারতের টেস্ট দলে। ফলে পেস বোলিং আক্রমণ বেশ অনভিজ্ঞই বাংলার। অনুষ্টুপ মজুমদারকে নির্ভর করতে হচ্ছে ঈশান পোড়েল, সুরজ সিন্ধু জয়সওয়ালের উপর। তাঁদের সঙ্গেই হাত ঘোরাবেন ঋষভ।
তার আগে অবশ্য ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে ঋষভকে, দলকে ভালো জায়গায় পৌঁছে দিতে। প্রথম দিনের শেষে বাংলার স্কোর ৫ উইকেটে ২৪৯। ক্রিজে রয়েছেন শাহবাজ আহমেদ ও ঋদ্ধিমান সাহা। শিলিগুড়ির ঋদ্ধিমানের পর জলপাইগুড়ির ঋষভ বাংলা দলে আসায় খুশির হাওয়া উত্তরবঙ্গে।
ঋষভের অভিষেকের খবর পেয়েই উচ্ছ্বসিত জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা। ঋষভের বাবা বিএসএফে কর্মরত ছিলেন। সেই সূত্রে জলপাইগুড়িতে আসেন। অবসর নেওয়ার পর তিনি জলপাইগুড়িতেই বাড়ি করে পরিবার নিয়ে থাকছেন। ঋষভ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র।
জলপাইগুড়ি ডিএসএ-র সভাপতি গৌতম দাস, সচিব ভোলা মণ্ডলরা জানালেন, বছর ৩৫ আগে জলপাইগুড়ি থেকে সুদীপ চন্দ বাংলার হয়ে একটি ৫০ ওভারের ম্য়াচে খেলেছিলেন। ২টি উইকেটও পান। তিনি এখন কোচিং করান। সুদীপের পর ঋষভই প্রথম জলপাইগুড়ি থেকে বাংলা দলে ঢুকে পড়লেন।
জলপাইগুড়ির আরএসএ ক্লাবে কোচ পার্থ মণ্ডলের কাছেই ক্রিকেটের পাঠ নেন ঋষভ। পার্থ বলেন, সবে শুরু হলো। আমার দৃঢ় বিশ্বাস, বল হাতে ঋষভ দলকে সাফল্য এনে দেবেন। ভবিষ্যতে আইপিএল ও ভারতীয় দলেও জায়গা করে নেবেন ঋষভ। জলপাইগুড়ির ক্রীড়াপ্রেমীদের কথায়, ঋষভ জলপাইগুড়ির গর্ব। জানা যাচ্ছে, কলকাতায় রাজস্থান ক্লাব, তপন মেমোরিয়ালে খেলেছেন ঋষভ। তবে বাংলা দলে সুযোগ করে দিল অনূর্ধ্ব ২৩-এর সাফল্যই।












Click it and Unblock the Notifications