Ranji Trophy: রঞ্জিতে শতরানের দোরগোড়ায় পূজারা ও রাহানে, কামব্যাক ম্যাচে নিষ্প্রভ কুলদীপ
Ranji Trophy: রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলা আজ থেকে শুরু হয়েছে। লোকেশ রাহুল, দেবদত্ত পাড়িক্কলের ব্যর্থতার দিনে দুরন্ত ছন্দে চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে।
আজ প্রথম দিনের শেষে পূজারা প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৭তম শতরান থেকে ৫ রান দূরে দাঁড়িয়ে। অজিঙ্ক রাহানে কাল ১৭ রান করলেই পেয়ে যাবেন প্রথম শ্রেণির ক্রিকেটে ৪১তম শতরান।

মুম্বইয়ের বিকেসি শরদ পওয়ার ক্রিকেট আকাদেমি মাঠে টস জিতে ফিল্ডিং নিয়েছিল মুম্বই। মেঘালয়কে ৮৬ রানে থামিয়ে দেয় অজিঙ্ক রাহানের দল। শার্দুল ঠাকুর হ্যাটট্রিক-সহ ৪ উইকেট নেন। জবাবে দিনের শেষে প্রথম ইনিংসে মুম্বইয়ের স্কোর ৫৯ ওভারে ২ উইকেটে ২১৩।
মুম্বই এই ম্যাচ থেকে সাত পয়েন্ট তুলে নিতে মরিয়া। রোহিত শর্মার ছোটবেলার কোচ দীনেশ লাডের পুত্র সিদ্ধেশ ১৫৫ বলে ৮৯ রানে অপরাজিত আছেন। তিনি ১১টি চার ও ১টি ছয় মেরেছেন। অধিনায়ক অজিঙ্ক রাহানে ১৫২ বল খেলে ৮৩ রানে অপরাজিত। তিনি ৯টি চার ও ১টি ছয় মেরেছেন।
রাজকোটে চলছে সৌরাষ্ট্র বনাম অসম ম্যাচ। সৌরাষ্ট্র টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ৯০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৬১ রান তুলেছে। ওপেনার হার্ভিক দেশাই ১৮১ বলে সর্বাধিক ১৩০ রান করেছেন। অপর ওপেনার চিরাগ জনির সংগ্রহ ৭৮ বলে ৮০।
চেতেশ্বর পূজারা ১৬২ বলে ৯৫ রানে অপরাজিত আছেন। মেরেছেন ৯টি চার। রাজকোটেই পূজারা গত অক্টোবরে রঞ্জি ম্যাচে ছত্তিশগড়ের বিরুদ্ধে ২৩৪ রানের ইনিংস খেলেছিলেন। এরপর রেলওয়েজের বিরুদ্ধে করেন ২ ও ৩।
রাঁচিতে ঝাড়খণ্ড ম্যাচে গত নভেম্বরে ১৪ রানের বেশি করতে পারেননি। আগের ম্যাচে দিল্লির বিরুদ্ধে ৬ রানে আউট হয়েছিলেন। ভারতীয় দলে প্রত্যাবর্তন এখনও অনিশ্চিত। তবে পূজারা ফের ছন্দে ফিরে শতরানের কাছাকাছি পৌঁছে গিয়েছেন।
চোট সারিয়ে কুলদীপ যাদব কামব্যাক করলেন। যদিও প্রথম ইনিংসে তিনি দাগ কাটতে ব্যর্থ। ইন্দোরে উত্তরপ্রদেশ টস জিতে ফিল্ডিং নিয়েছে। প্রথম দিনের শেষে মধ্যপ্রদেশ ৯০ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৩৫ রান তুলেছে।
ওপেনার হর্ষ গাউলি ২৬৪ বলে ১৭৩ রানে অপরাজিত আছেন। সেই সঙ্গে ১৫১ বলে ১০০ রানে অপরাজিত আছেন অধিনায়ক শুভম শর্মা। হিমাংশু মন্ত্রী ওপেন করতে নেমে ১২৫ বলে ৫২ রান করে কুলদীপের বলে লেগ বিফোর হন। কুলদীপ ১টি মেডেন-সহ ১৭ ওভারে ৭২ রান দিয়ে ১ উইকেট নেন। এই ম্যাচে খেলতে পারছে না বেঙ্কটেশ আইয়ার।
হরিয়ানার বিরুদ্ধে কর্ণাটক দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ২৬৭ রান তুলেছে। এই ম্যাচটি ড্রয়ের সম্ভাবনা বেশি। তাহলে হরিয়ানা নক-আউটে পৌঁছে যাবে ধরাছোঁয়ার বাইরে থেকেই। বিহারের বিরুদ্ধে কেরল ৮৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০২ তুলেছে। সলমন নিজার ১১১ রানে অপরাজিত।
জামশেদপুরে ঝাড়খণ্ড বনাম তামিলনাড়ু ম্যাচে প্রথম দিনেই ২১ উইকেট পড়ল। ঝাড়খণ্ডের ১৮৫ রানের জবাবে তামিলনাড়ু তোলে ১০৬। দ্বিতীয় ইনিংসে ঝাড়খণ্ড ১ উইকেট হারিয়ে ৫ রান তুলেছে। ঈশান কিষাণ ৮ রানের বেশি করতে পারেননি। ঝাড়খণ্ডের উৎকর্ষ সিং ৬ উইকেট নেন।












Click it and Unblock the Notifications