Ranji Trophy: আকাশের শতরানেও বিদর্ভের বিরুদ্ধে অস্বস্তিতে মুম্বই, পাঞ্চালের সেঞ্চুরিতে গুজরাত চাপে ফেলল কেরলকে
Ranji Trophy: রঞ্জি ট্রফির সেমিফাইনাল জমজমাট। নাগপুরে বিদর্ভের বিরুদ্ধে জোর টক্কর চলছে মুম্বইয়ের। যদিও ফাইনালে ওঠা কঠিনই হতে চলেছে গতবারের চ্যাম্পিয়নদের।
অন্যদিকে, আমেদাবাদে পাটা পিচে ৪৫৭ রান তুলেও প্রবল চাপে কেরল। গুজরাত প্রথম ইনিংসে লিড নেওয়ার সম্ভাবনা উজ্জ্বল করে ফেলল।

বিদর্ভের প্রথম ইনিংসে ৩৮৩ রানের জবাবে গতকাল দ্বিতীয় দিনের শেষে মুম্বইয়ের স্কোর ছিল ৫৯ ওভারে ৭ উইকেটে ১৮৮। ওপেন করতে নেমে উইকেটকিপার আকাশ আনন্দ ৬৭ ও তনুশ কোটিয়ান ৫ রানে অপরাজিত ছিলেন।
আজ মুম্বইয়ের প্রথম ইনিংস শেষ হয় ৯২ ওভারে ২৭০ রানে। কেরিয়ারের চতুর্থ প্রথম শ্রেণির ম্যাচে পঞ্চম ইনিংসে দ্বিতীয় শতরান পেলেন আকাশ। তিনি করেন ২৫৬ বলে ১০৬ রান। মেরেছেন ১১টি চার। এর আগে মেঘালয়ের বিরুদ্ধেও তিনি সেঞ্চুরি করেছিলেন। তনুশ ৩৩, মোহিত অবস্থি ১০ রান করেন। ২ রানে অপরাজিত থাকেন রয়স্টন ডায়াস।
পার্থ রেখাডে চারটি, যশ ঠাকুর ও হর্ষ দুবে ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট পান দর্শন নালকণ্ডে ও নচিকেত ভুটে। জবাবে বিদর্ভ তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ১৪৭ রান তুলেছে। লিড ২৬০ রানের।
২১ ওভারে ৫৬ রানে চার উইকেট হারিয়েছিল বিদর্ভ। অথর্ব তাইড়ে ০, ধ্রুব শোরে ১৩, দানিশ মালেওয়ার ২৯ ও করুণ নায়ার ৬ রান করেন। যশ রাঠোর ৫৯ ও অধিনায়ক অক্ষয় ওয়াড়কর ৩১ রানে অপরাজিত আছেন। শামস মুলানি ২টি এবং শার্দুল ঠাকুর ও তনুশ কোটিয়ান ১টি করে উইকেট নিয়েছেন।
অন্যদিকে, মহম্মদ আজহারউদ্দিনের ১৭৭ রানে ভর করে কেরল প্রথম ইনিংসে গুজরাতের বিরুদ্ধে তোলে ৪৫৭ রান। তিন উইকেট নেন অর্জন নাগওয়াসওয়ালা। জবাবে খেলতে নেমে তৃতীয় দিনের শেষে গুজরাতের স্কোর ৭১ ওভারে ১ উইকেটে ২২২।
গুজরাত আর ২৩৬ রান তুললেই প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ লিড আদায় করে ফেলবে। হাতে ৯ উইকেট। আর্য দেশাই ৭৩ রান করে আউট হয়ে গিয়েছেন। ওপেনার প্রিয়াঙ্ক পাঞ্চাল ১৩টি চার ও ১টি ছয়ের সাহায্যে ২০০ বলে ১১৭ রানে অপরাজিত আছেন। ৩০ রানে অপরাজিত মনন হিংরাজিয়া। একমাত্র উইকেটটি পেয়েছেন নেদুমানকুঝি বেসিল।












Click it and Unblock the Notifications