Ranji Trophy: লাহলি নয়, মুম্বই বনাম হরিয়ানা রঞ্জি কোয়ার্টার ফাইনাল ইডেনে! সূর্যদের ম্যাচ সরার কারণ জেনে নিন
Ranji Trophy: রঞ্জি ট্রফির মুম্বই বনাম হরিয়ানা কোয়ার্টার ফাইনাল ম্যাচ সরল রোহতক থেকে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেন্সে।
সিএবি সূত্রে জানা গিয়েছে, আজই শহরে পৌঁছে যাচ্ছেন অজিঙ্ক রাহানে, সূর্যকুমার যাদব, শিবম দুবে, অংশুল কম্বোজরা। কাল ও শুক্রবার ইডেনে প্র্যাকটিস করবেন তাঁরা।

রঞ্জি কোয়ার্টার ফাইনালে জম্মু ও কাশ্মীর বনাম কেরল ম্যাচটি হবে পুণেতে। নাগপুরে বিদর্ভ খেলবে তামিলনাড়ুর বিরুদ্ধে। কলকাতায় মুখোমুখি হবে হরিয়ানা ও মুম্বই। রাজকোটে সৌরাষ্ট্রের প্রতিপক্ষ গুজরাত। সব ম্যাচই শুরু শনিবার।
পিচের তদারকির কাজে সিএবির প্রধান কিউরেটর সুজন মুখোপাধ্যায় রয়েছেন রাজকোটে। তিনি ওয়ানইন্ডিয়াকে জানালেন, গত সোমবার বিসিসিআইয়ের তরফে তাঁর কাছে ফোন করে জানতে চাওয়া হয়েছিল ইডেনের উইকেট রেডি কিনা।
রোহতকের লাহলির পিচ বারেবারেই চর্চার কারণ হয়েছে। সূত্রের খবর, বিসিসিআই চাইছে ভালো পিচে রঞ্জি কোয়ার্টার ফাইনাল ম্য়াচগুলি ফেলতে। এই মুহূর্তে কলকাতায় আবহওয়াও বেশ ভালো। কুয়াশা বা প্রাকৃতিক কারণে ম্যাচে সময় নষ্টের আশঙ্কাও নেই।
সুজন মুখোপাধ্যায় বিসিসিআইকে জানিয়ে দেন, ইডেনের উইকেট রেডি রয়েছে। কোনও অসুবিধা হবে না। এরপর বিসিসিআই কর্তারা কথা বলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। স্নেহাশিসও রাজি ছিলেন। তিনি কথা বলেন সুজনের সঙ্গেও।
এরপরই ইডেনে রঞ্জি কোয়ার্টার ফাইনাল ম্যাচ আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি ইডেনে রঞ্জিতে গ্রুপ লিগের শেষ ম্যাচে পাঞ্জাবকে তৃতীয় দিন সকালের মধ্যেই উড়িয়ে দিয়েছে বাংলা। এবার মুম্বই বনাম হরিয়ানা দ্বৈরথ।
ইডেনে আইপিএলের উদ্বোধন হবে। তার আগে এমনিতে বোর্ডের কোনও ম্যাচ ছিল না। এই আবহে রঞ্জি কোয়ার্টার ফাইনাল প্রাপ্তি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এই ম্যাচে অজিঙ্ক রাহানেক নেতৃত্বাধীন দলে খেলবেন সূর্যকুমার যাদব, শার্দুল ঠাকুর, শিবম দুবেরা। আছেন রোহিত শর্মার কোচ দীনেশ লাডের পুত্র সিদ্ধেশও।
সুজন মুখোপাধ্যায় বললেন, রাজকোটের ম্যাচ সামলে আমি সম্ভবত ৯ তারিখ কলকাতায় যাচ্ছি। ১০ তারিখ থেকে ইডেনেই থাকব। দেশে এত মাঠ থাকতে ভালো উইকেটের কথা ভেবে বিসিসিআই কর্তারা ইডেনে এই ম্যাচ দিলেন। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের।
উল্লেখ্য, গত মাসেই ইডেনে হয়েছিল ভারত-ইংল্যান্ড প্রথম টি২০ আন্তর্জাতিক। তাতে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত দুরন্ত জয় পেয়েছিল। ম্যাচের আগে অধিনায়ক সূর্যকুমার যাদব, ইংল্যান্ডের হেড কোচ ব্রেন্ডন ম্যাকালামের মুখে শোনা গিয়েছিল ইডেনের উইকেটের প্রশংসা। ম্যাচ হেরে যাওয়ার পরও ইডেনের উইকেটের প্রশংসা করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।












Click it and Unblock the Notifications