Ranji Trophy: রঞ্জিতে হরিয়ানার বিরুদ্ধে অস্বস্তিতে মুম্বই! বিদর্ভ, গুজরাত, জম্মু ও কাশ্মীর সুবিধাজনক জায়গায়
Ranji Trophy: রঞ্জি কোয়ার্টার ফাইনালে মুম্বইয়ের উপর চাপ বাড়াল হরিয়ানা। ইডেনের এই ম্যাচে গতবারের চ্যাম্পিয়নদের প্রথম ইনিংসের রান রান টপকে যাওয়ার মুখে হরিয়ানা।
সৌরাষ্ট্রের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রথম ইনিংসে লিড নিশ্চিত করে ফেলেছে গুজরাত। অন্য কোয়ার্টার ফাইনালগুলিতে বিদর্ভ এবং জম্মু ও কাশ্মীর সুবিধাজনক জায়গায়।

ইডেনে আজ মুম্বইয়ের প্রথম ইনিংস শেষ হয় ৩১৫ রানে। তিন রানের জন্য শতরান হাতছাড়া হয় তনুশ কোটিয়ানের। নয় নম্বরে নেমে তিনি ১৩টি চারের সাহায্যে ১৭৩ বলে ৯৭ রানে আউট হন। অংশুল কম্বোজ ও সুমিত কুমার নেন তিনটি করে উইকেট।
জবাবে খেলতে নেমে দ্বিতীয় দিনের শেষে হরিয়ানার স্কোর ৭২ ওভারে ৫ উইকেটে ২৬৩। অধিনায়ক অঙ্কিত কুমার ওপেন করতে নেমে ২০৬ বলে ১৩৬ রান করেন। শামস মুলানি ও তনুশ কোটিয়ান ২টি করে এবং শার্দুল ঠাকুর ১টি উইকেট পেয়েছেন।
পুণেতে জম্মু ও কাশ্মীরের ২৮০ রানের জবাবে কেরল দ্বিতীয় দিনের শেষে ৯ উইকেটে ২০০ রান তুলে ধুঁকছে। কেরলের এমডি নিধীশ ৬ উইকেট নেন। কেরলের হয়ে সর্বাধিক ৬৭ জলজ সাক্সেনার। আকিব নবি নিয়েছেন পাঁচ উইকেট।
নাগপুরে বিদর্ভ প্রথম ইনিংসে তামিলনাড়ুর বিরুদ্ধে লিড নেওয়ার দিকে এগোচ্ছে। করুণ নায়ারের ১২২, হর্ষ দুবের ৬৯ ও দানিশ মালেওয়াড়ের ৭৫ রানের দৌলতে বিদর্ভ ৩৫৩ রান তোলে। সোনু যাদব ও বিজয় শঙ্কর নেন তিনটি করে উইকেট।
জবাবে খেলতে নেমে তামিলনাড়ু দ্বিতীয় দিনের শেষে ৪৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলেছে। সি আন্দ্রে সিদ্ধার্থ করেন ৬৫। আদিত্য ঠাকরে চারটি এবং নচিকেত ভুতে ও হর্ষ দুবে ১টি করে উইকেট নেন।
রাজকোটে সৌরাষ্ট্রকে ২১৬ রানে থামিয়ে দ্বিতীয় দিনেই প্রথম ইনিংসে লিড আদায় করে নিয়েছে গুজরাত। সৌরাষ্ট্রের হয়ে চেতেশ্বর পূজারা করেন ২৬। সর্বাধিক ৬৯ চিরাগ জনির। চার উইকেট নেন চিন্তন গজা। দ্বিতীয় দিনের শেষে গুজরাতের স্কোর ৪ উইকেটে ২৬০। মনন হিংরাজিয়া ৮৩ রান করেন। জয়মিত প্যাটেল ৮৮ রানে অপরাজিত। চিরাগ জনি নেন ২ উইকেট।












Click it and Unblock the Notifications