Ranji Trophy: সূর্যদের জন্যই ডুবেছে মুম্বই! নজর দিক বিসিসিআই, তোপ প্রধান নির্বাচকের
Ranji Trophy: রঞ্জি ট্রফির সেমিফাইনালে বিদর্ভের কাছে হেরে গিয়েছে মুম্বই। আজ থেকে নাগপুরে রঞ্জি ফাইনালে কেরলের বিরুদ্ধে খেলছে বিদর্ভ।
ফলে খেতাব ধরে রাখতে পারেনি মুম্বই। এই আবহে ভারতীয় দলের তারকাদের নিশানা করলেন মুম্বইয়ের প্রধান নির্বাচক সঞ্জয় পাতিল।

সঞ্জয় স্পোর্টসস্টারকে দেওয়া সাক্ষাৎকারে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেছেন। তা হলো, বিসিসিআই ঘরোয়া ক্রিকেট খেলতে বাধ্য তো করছে ভারতীয় দলে থাকা কিংবা আন্তর্জাতিক মানের ক্রিকেটারদের। কিন্তু ক্রিকেটাররা কি খেলছেন স্রেফ নাম কা ওয়াস্তে?
শুধু সঞ্জয় নন, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেট মহলেও। কতটা তাগিদ নিয়ে ওই ক্রিকেটাররা পারফর্ম করতে বদ্ধপরিকর তা নিয়ে থাকছে সংশয়। একটা-দুটি ম্যাচ খেলে বোর্ডের নিয়ম মানলাম, এটা বোঝানোর জন্যই তারকারা নামছেন কিনা, সে প্রশ্ন উঠছে। আর তাতে ব্যাহত হচ্ছে দলের কম্বিনেশন।
অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতার পর রোহিত শর্মা মুম্বইয়ের হয়ে একটি ম্যাচ খেলেছেন। সেই ম্যাচে জম্মু ও কাশ্মীরের কাছে মুম্বই হেরে যায়। যশস্বী জয়সওয়ালও সেই ম্যাচে দাগ কাটতে ব্যর্থ। মুম্বইয়ের হয়ে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল খেলেন ভারতের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব ও শিবম দুবে। কিন্তু তাঁরা প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ।
যশস্বী তো চোটের কারণে ছিটকেই যান সেমিফাইনাল থেকে। তারকাদের জায়গা করে দিতে নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলা ক্রিকেটারদের বসতে হয়েছে। কিন্তু পরিসংখ্যান বলছে, তারকাদের নিয়ে দল গড়তে গিয়ে সমস্যাতেই পড়েছে মুম্বই, ক্ষতিও হয়েছে।
সঞ্জয় পাতিল বলেন, মুম্বই ক্রিকেটে আন্তর্জাতিক ক্রিকেটারদের যে উত্তরাধিকার বহনের ধারা দেখা যেত, তা এখন দেখা যাচ্ছে না। এই সমস্যা মেটানোর দরকার। যেভাবে আন্তর্জাতিক ক্রিকেটাররা মুম্বইয়ের রঞ্জি খেললেন তাতে আমি খুব হতাশ। টেস্ট প্লেয়ার বা তথাকথিত ভারতীয় ক্রিকেটারদের কাছ থেকে যা অপ্রত্যাশিত।
সঞ্জয়ের কথায়, আগে সিনিয়ররা যে ডেডিকেশন দেখাতেন, তা এখনকার ক্রিকেটারদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে না। কেউ দলে এসে যদি শুধু অটোগ্রাফ বিলোতেই পছন্দ করেন, তাহলে তাঁর সম্পর্কে ধারণা স্পষ্ট হয়ে যায়। এখানেই বিদর্ভের সঙ্গে মুম্বইয়ের পার্থক্য ছিল। জেতার ইচ্ছা, বদ্ধপরিকর ভাবটাই উধাও ছিল। সেমিফাইনাল-সহ রঞ্জির দ্বিতীয়ার্ধেই। আমি সূর্যকুমার-সহ বড় প্লেয়ারদের নিয়ে হতাশ।
উল্লেখ্য, ইডেনে হরিয়ানার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে সূর্য প্রথম ইনিংসে ৯ ও দ্বিতীয় ইনিংসে ৭০ রান করেন। বিদর্ভের বিরুদ্ধে সেমিফাইনালে তিনি আউট হন ০ ও ২৩ রানে। শিবম দুবে এই দুই ম্যাচে যথাক্রমে ২৮, ৪৮, ০ ও ১২ রান করেন। ইডেনে উইকেট পাননি দুই ইনিংসে। সেমিফাইনালে প্রথম ইনিংসে পাঁচ উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে উইকেট পাননি।












Click it and Unblock the Notifications