Ranji Trophy: দুরন্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও দাপট শামির, মধ্যপ্রদেশকে বড় রানের লক্ষ্যমাত্রা দিল বাংলা
প্রথম ইনিংসে বল হাতে ৪ উইকেট নিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তনটা রঙিন করে রাখেন মহম্মদ শামি। বল হাতে সাফল্য পাওয়ার পর এবার ব্যাট হাতেও দাপুটে পারফরম্যান্স করলেন শামি। মধ্যপ্রদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৩৬ বলে ৩৭ রানের এক দুরন্ত ইনিংস খেললেন শামি। সেই সঙ্গে জাতীয় দলে প্রত্যাবর্তনের দাবিকে আরও জোরালো করলেন।
শুকবার বাংলার দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘটল ২৭৬ রানেই। ঋত্বিক চট্টোপাধ্যায় ৫২ রান করে আউট হলেন। ৪৪ রান করলেন ঋদ্ধিমান সাহা। এরপর রোহিত কুমার, সুরজ সিন্ধু ব্যর্থ হন। ফলে বাংলার লিড ৩০০ ছাড়িয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। কিন্তু বোলিংয়ের পর এবার ব্যাট হাতেও দলের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন শামি।

এরআগে প্রথম ইনিংসে বাংলা করে ২২৮ রান। জবাবে শামি-সিন্ধুদের বোলিংয়ে সামনে ১৬৭ রানেই গুটিয়ে যায় মধ্যপ্রদেশ। তিন পয়েন্ট আগেই নিশ্চিত করেছে বাংলা দল। এবার সরাসরি ছয় পয়েন্টের জন্য ঝাঁপাবে বাংলা দল।
অস্ট্রেলিয়া সিরিজে শামিকে ডাকা হবে কিনা তা নিয়ে চর্চা চলছে। তবে বাংলার হয়ে প্রত্যাবর্তন ম্যাচে ব্যাটে-বলে যে পারফরম্যান্স করছেন শামি তাতে ডনের দেশে বিমানে উঠার তাঁর সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুসারে শামির খেলার দিকে নজর রয়েছে টিম ম্যানেজমেন্ট এবং এনসিএ-র মেডিকেল টিমের।
ইন্দোর শামির পারফরম্যান্স দেখার জন্য এসেছে জাতীয় নির্বাচক কমিটির সদস্য অজয় রাত্রা এবং বিসিসিআইয়ের মেডিকেল টিমের প্রধান চিকিৎসক নীতিন প্যাটেল। তাঁরা রিপোর্ট দেবেন বিসিসিআইকে।
একটি সূত্র জানিয়েছেন, এর পর রঞ্জি ট্রফির ম্যাচ রয়েছে সেই জানুয়ারি মাসে। যদি শামির পারফরম্যান্স এবং ফিটনেস দেখে এনসিএ এবং নির্বাচকরা সন্তোষ প্রকাশ করেন তাহলে তাঁকে দ্বিতীয় টেস্ট ম্যাচের আগেই অস্ট্রেলিয়ায় পাঠানো হবে।'
এদিকে, বাংলার সামনে সরাসরি জয়ের হাতছানি। শামি-সিন্ধুরা যে পারফরম্যান্স দেখিয়েছেন প্রথম ইনিংসে তাতে এই ম্যাচ থেকে ছয় পয়েন্টের স্বপ্ন দেখছে বাংলা।












Click it and Unblock the Notifications