রঞ্জি ট্রফি নিয়ে পরিকল্পনা বদল বিসিসিআইয়ের, কলকাতা-সহ কোথায় কবে থেকে খেলা শুরু?
রঞ্জি ট্রফি শুরুর কথা ছিল ১৩ জানুয়ারি থেকে। গত বছর এই টুর্নামেন্ট বন্ধ রাখতে হয়েছিল করোনা পরিস্থিতির কারণে। ফের তা যাতে বন্ধ না রাখায় হয় সে ব্যাপারে প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররাও সরব। দেশজুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে তাই এ বছরের রঞ্জি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে বিসিসিআই। তবে সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির মাঝামাঝিই শুরু হয়ে যাবে রঞ্জি ট্রফি।

বিসিসিআইয়ের তরফে এখনও ক্রীড়াসূচি ঘোষণা করা হয়নি। যেহেতু মার্চের শেষে আইপিএল শুরুর পরিকল্পনা রয়েছে বোর্ডের, ফলে রঞ্জি ট্রফি দুই ধাপে হবে বলে জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। রঞ্জির নক আউট পর্বের খেলাগুলি হবে আইপিএল শেষ হওয়ার পর অর্থাৎ জুন মাসে।

রঞ্জি ট্রফিতে অংশ নেবে ৩৮টি দল। বোর্ডসূত্রে খবর, একই সময়ে যাতে রঞ্জির ম্য়াচগুলি আয়োজন করা যায় সেজন্য ৯টি কেন্দ্রকে বেছে নিয়েছে বিসিসিআই। সেগুলি হলো- চেন্নাই, আমেদাবাদ, তিরুঅনন্তপুরম, বেঙ্গালুরু, রাজকোট, কটক, গুয়াহাটি, কলকাতা ও হায়দরাবাদ। একেকটি শহরে চারটি করে দলকে রাখা হতে পারে। প্লেটের ৬টি দলকে রাখা হতে পারে একটি শহরেই। কোনও শহরের বা শহর লাগোয়া কোনও মাঠেও রঞ্জি ট্রফি আয়োজন করা যেতে পারে।

এখনও কোনও রাজ্য সংস্থাকেই রঞ্জি শুরুর ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি বিসিসিআইয়ের তরফে। তবে দ্রুতই নতুন ক্রীড়াসূচি প্রকাশ করে দেওয়া হবে। লিগ পর্যায়ের খেলাগুলি ১৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে সেরে ফেলার পরিকল্পনা করা হচ্ছে। তবে কলকাতার ইডেন গার্ডেন্সে ১৬ তারিখ থেকে ম্যাচ হওয়ার পরিস্থিতি নেই। কেন না, ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি ইডেনে রয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি ২০ সিরিজের তিনটি ম্যাচ। সেই সময় সল্টলেক যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠ, ভিডিওকন আকাদেমির মাঠ কিংবা কল্যাণীতেও রঞ্জির ম্যাচ হতে পারে। তারপর থেকে ইডেনে রঞ্জি ম্যাচ হতে সমস্যা নেই। ২০২০ সালের মার্চে রঞ্জি ফাইনাল হয়েছিল। এরপর ভারতের ঘরোয়া ক্রিকেটে লাল বলের টুর্নামেন্ট হয়নি।












Click it and Unblock the Notifications