Ranji Trophy: রঞ্জিতে কেরলের কাছে হার বাঁচানোর লড়াই বাংলার, ইডেনে মনোজের বিদায়ী ম্যাচ হতে চলেছে নিয়মরক্ষার
Ranji Trophy: বাংলার রঞ্জি জয়ের অপেক্ষা দীর্ঘতর হলো। নক আউট পর্বে যাওয়ার জন্য কেরল থেকে অন্তত ছয় পয়েন্ট নিশ্চিত করা দরকার ছিল বাংলার। এখন যা পরিস্থিতি তাতে খালি হাতেই ফিরতে হবে।
৪৪৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বাংলাকে শেষ দিনে কাল করতে হবে ৩৭২ রান। হাতে রয়েছে ৮ উইকেট। ফলে হার বাঁচাতেই লড়তে হবে বাংলাকে।

কেরলের প্রথম ইনিংসে ৩৬৩ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হওয়া বাংলার স্কোর ছিল ৮ উইকেটে ১৭২ রান। আজ ৫১.১ ওভারে ১৮০ রানে গুটিয়ে যায় বাংলার প্রথম ইনিংস। ২১.১ ওভারে ৩টি মেডেন-সহ ৬৮ রানের বিনিময়ে ৯ উইকেট দখল করেন জলজ সাক্সেনা। ১টি উইকেট এমডি নিধীশের।
এরপর বাংলাকে লড়াইয়ে টিকে থাকতে দ্রুত কেরলের দ্বিতীয় ইনিংসে যবনিকা টানা। কিন্তু পজিটিভ ব্যাটিং চালিয়ে গিয়ে ৬৪.২ ওভারে ৬ উইকেটে ২৬৫ রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয় কেরল। রোহন কুন্নুম্মল ৫১, জলজ সাক্সেনা ৩৭, সচিন বেবি ৫১, অক্ষয় চন্দ্রন ৩৬ রান করেন। শ্রেয়স গোপাল ৫০ রানে অপরাজিত থাকেন।
বাংলার বোলারদের মধ্যে সফলতম শাহবাজ আহমেদ। কামব্যাক ম্যাচে প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তিনি নিলেন তিন উইকেট। ২৩.২ ওভারে ৩টি মেডেন-সহ ৮০ রান খরচ করে। অঙ্কিত মিশ্র, করণ লাল ও রণজ্যোৎ খাইরা একটি করে উইকেট দখল করেন। বাংলার কোনও পেসার বল করেননি দ্বিতীয় ইনিংসে।
কেরলও দ্বিতীয় ইনিংসে এখনও অবধি শুধু স্পিনারদের দিয়েই বল করিয়েছে। বাংলা তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ২০.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৭ রান তুলেছে। রণজ্যোৎ খাইরা ২ রানে জলজ সাক্সেনার শিকার হন। বাংলার প্রথম উইকেট পড়েছিল ২৭ রানে। এরপর সুদীপ ঘরামিকে নিয়ে অভিমন্যু ঈশ্বরণ ৫০ রানের পার্টনারশিপ গড়েন।
সুদীপ ৫০ বলে ৩১ রানের ইনিংস খেলে শ্রেয়স গোপালের বলে আউট হতেই আজকের মতো খেলা শেষ হয়ে যায়। ৬১ বলে ৩৩ রানে অপরাজিত রয়েছেন অভিমন্যু। এমন হতাশাজনক পারফরম্যান্স উপহার দেওয়ায় রঞ্জি থেকে বাংলার বিদায়ঘণ্টা বেজে গেল।
অধিনায়ক মনোজ তিওয়ারি গতকাল রাতে ফেসবুক লাইভেই বলেছিলেন, ইডেনে বিহার ম্যাচই তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ হতে চলেছে। অর্থাৎ জেতা যে সম্ভব নয় তা আগেই বুঝে গিয়েছিল বাংলা শিবির। ফলে নিয়মরক্ষার জৌলুসহীন ম্যাচ খেলেই মনোজকে বিদায় নিতে হবে। অধরা থাকল রঞ্জি জয়ের স্বপ্ন।












Click it and Unblock the Notifications