Ranji Trophy: রঞ্জি ম্যাচে পিচ ফিক্সিং! জম্মু ও কাশ্মীরের অভিযোগে শোরগোল, নিশানায় বরোদা
Ranji Trophy: রঞ্জি ম্যাচে এবার পিচ ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগ। জম্মু ও কাশ্মীরের অভিযোগে শোরগোল পড়ে গেল। নিশানায় বরোদা।
পিচের চরিত্র বদলের অভিযোগ ওঠায় বরোদার রিলায়েন্স স্টেডিয়ামে বরোদা বনাম জম্মু ও কাশ্মীর ম্যাচের তৃতীয় দিনের খেলা শুরু হলো দেরিতে। দুই শিবিরই বিষয়টির শেষ দেখে ছাড়তে চাইছে।

রঞ্জির নক আউটে যাওয়ার জন্য এই ম্যাচটি দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। ড্র করলেই নক আউটে চলে যাবে জম্মু ও কাশ্মীর। বরোদার কাছে এটি ডু অর ডাই ম্য়াচ। অর্থাৎ যে কোনও মূল্যেই জিততে হবে।
টস জিতে প্রথমে ব্যাট করে জম্মু ও কাশ্মীর ৭১.৩ ওভারে ২৪৬ তোলে। জবাবে বরোদার প্রথম ইনিংস শেষ হয়ে যায় ৬২.১ ওভারে ১৬৬ রানে। প্রথম ইনিংসে মূল্যবান লিড আদায় করে নেয় জম্মু ও কাশ্মীর।
দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে জম্মু ও কাশ্মীরের স্কোর ছিল ৪১ ওভারে ১ উইকেটে ১২৫। এরপর বিতর্ক শুরু হয় আজ সকালে। জম্মু ও কাশ্মীরের হেড কোচ অজয় শর্মা দেখেন, পিচ ভিজে। পিচের রংও বদল হয়েছে। এরপরই অভিযোগ তোলা হয়, গতকালের খেলার শেষেই পিচের চরিত্র বদলের চেষ্টা করা হয়েছে।
পিচ ট্যাম্পারিংয়ের অভিযোগ তুলে তিনি আম্পায়ার পশ্চিম পাঠক ও রবি তেজা এবং ম্যাচ রেফারি অর্জন কৃপালের নজরে আনেন গোটা বিষটটি। চাপানউতোরের জেরে সকাল সাড়ে ৯টার পরিবর্তে খেলা শুরু হয় সকাল ১০টা ৫৫ মিনিটে।
পিচ ড্যাম্প থাকাতেই খেলা শুরুতে দেরির কথা জানায় বিসিসিআইও। যদিও জম্মু ও কাশ্মীরের হেড কোচের অভিযোগ মানতে নারাজ বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন। এমনকী অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে বিষয়টি নিয়ে বোর্ডের কাছে নালিশেরও উদ্যোগ নিচ্ছে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন।
বরোদা ক্রিকেট সংস্থার এক কর্তা বলেন, শীতে শিশির পড়ে। শুধু পিচ নয়, আউটফিল্ড ভিজে ছিল। এই সময় পিচে সকালের দিকে আর্দ্রভাব থাকা যে অস্বাভাবিক নয়, তা ক্রিকেট যাঁরা বোঝেন তাঁরা ভালোই জানেন। আম্পায়াররা কোনও অস্বাভাবিক কিছু খুঁজে পাননি। অনেক সময়ই শীতের সকালে খেলা দেরিতে শুরু হয়। কিন্তু রাজ্য ক্রিকেট সংস্থার বিরুদ্ধে পিচ ফিক্সিংয়ের অভিযোগ তোলা আমরা মানছি না।
তবে এই ম্যাচ হয় জম্মু ও কাশ্মীর ড্র করে নক আউটে যাবে, নয়তো তারা জিততেও পারে। জম্মু ও কাশ্মীর দ্বিতীয় ইনিংসে ২৮৬ রান তুলেছে। শুভম খাজুরিয়া ৯৪ ও কানাইয়া ওয়াধাবন ৮৪ রান করেন। জবাবে তৃতীয় দিনের শেষে বরোদার স্কোর ১৬ ওভারে ২ উইকেটে ৫৮। ক্রুণাল পাণ্ডিয়ার বরোদাকে জিততে হলে করতে হবে ৩০৭ রান। বরোদার ৬ ম্যাচে ২৭ পয়েন্ট, জম্মু ও কাশ্মীরের ২৯। ফলে বরোদা জিতলে নক আউটে যেতে পারবে।












Click it and Unblock the Notifications