Ranji Trophy: মুম্বইয়ের বিরুদ্ধে উইনিং কম্বিনেশন ভাঙছে বাংলা, আত্মবিশ্বাসী মনোজ, একাদশে ফিরছেন কে?
Ranji Trophy: রঞ্জি ট্রফির অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে কাল থেকে ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নামছে বাংলা। এই ম্যাচে পয়েন্ট নষ্ট করলেই বাংলার সামনে নক-আউটে যাওয়ার পথ কঠিন হয়ে যাবে।
অসমের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়ার পর বাংলা শিবির আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে তবু বদলানো হচ্ছে উইনিং কম্বিনেশন। সুমন দাসের জায়গায় দলে আসছেন ঈশান পোড়েল।

অভিমন্যু ঈশ্বরণ, মুকেশ কুমার, আকাশ দীপ, শাহবাজ আহমেদদের ছাড়াই দল যেভাবে খেলছে তাতে সন্তুষ্ট অধিনায়ক মনোজ তিওয়ারি। আবহাওয়ার প্রতিকূলতার জন্য ছত্তিশগড়ের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট বাংলার সমস্যা বাড়িয়েছিল। অসমের বিরুদ্ধে জয়ের পরও সেই অস্বস্তি পুরোপুরি কাটেনি।
বৃষ্টির পূর্বাভাস বাংলা শিবিরকে চিন্তায় রাখছে। কেন না, মুম্বই ম্যাচে প্রথম ইনিংসের লিড যেমন জরুরি, তেমনই পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল করতে জরুরি পুরো পয়েন্ট ঘরে তোলা। বৃষ্টি বা আলোর অভাবে ম্যাচের সময় নষ্ট হলে গ্রুপশীর্ষে থাকা মুম্বইয়ের মতো দলের বিরুদ্ধে সরাসরি জয় ছিনিয়ে নেওয়া কার্যত অসম্ভব হবে যাবে।
পয়েন্ট তালিকার নিরিখে এক বনাম তিনের দ্বৈরথের আগে হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেন, দুটি ভালো দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হবে। সেরাটা দিয়ে যত বেশি সংখ্যক পয়েন্ট তোলাই আমাদের লক্ষ্য। অধিনায়ক মনোজ তিওয়ারি বলেন, মুম্বইয়ের মতো শক্তিশালী দলকে হারালে আমাদের আত্মবিশ্বাস আরও বাড়বে।
মনোজের কথায়, আমাদের সকলেই ভালো ফর্মে রয়েছেন। শুধু চাইব, আকাশ পরিষ্কার থাকুক। পুরো ম্যাচ খেলা হোক। ইতিবাচক ফলাফলই আমরা চাইছি। পৃথ্বী শ, অজিঙ্ক রাহানে, শিবম দুবের মতো তারকারা থাকায় বাংলার বোলিং বিভাগে পরিবর্তন হচ্ছে। মহম্মদ কাইফ, সুরজ সিন্ধু জয়সওয়ালের সঙ্গে তৃতীয় সিমার হিসেবে ফিরছেন ঈশান পোড়েল।
ওপেনিংয়ে সৌরভ পাল ও শ্রেয়াংশ ঘোষই খেলবেন। সুদীপ ঘরামির ব্যাটে বড় রান প্রত্যাশা করবে বাংলা। অনুষ্টুপ মজুমদার এবারের রঞ্জিতে দুটি শতরান হাঁকিয়েছেন। শতরান পেয়েছেন মনোজ তিওয়ারি, অভিষেক পোড়েলও। ফলে মিডল অর্ডার মুম্বইয়ের বোলারদের দিকে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। স্পিনারদের মধ্যে করণ লাল ও অঙ্কিত মিশ্রকে মুম্বইয়ের বিরুদ্ধে খেলাবে বাংলা। ব্যাট হাতেও তাঁরা দলকে ভরসা দিচ্ছেন। নজর থাকবে শামির ভাই মহম্মদ কাইফের দিকেও।
বাংলার সম্ভাব্য একাদশ- সৌরভ পাল, শ্রেয়াংশ ঘোষ, সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার, মনোজ তিওয়ারি (অধিনায়ক), অভিষেক পোড়েল (উইকেটকিপার), করণ লাল, মহম্মদ কাইফ, সুরজ সিন্ধু জয়সওয়াল, অঙ্কিত মিশ্র, ঈশান পোড়েল।












Click it and Unblock the Notifications