Ranji Trophy: প্রথম ইনিংসে ফ্লপ ব্যাটিং, হরিয়ানার বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষেই বিপদে বাংলা
রঞ্জি ট্রফির ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে প্রথম দিনে যতটা সুবিধাজনক জায়গায় ছিল বাংলা , দ্বিতীয় দিনে ততটাই বেকায়দায় বঙ্গ শিবির। কল্যাণীতে প্রথম ইনিংসে হরিয়ানাকে ১৫৭ রানে অল আউট করলেও জবাবে ব্যাট করতে নেমে বাংলার প্রথম ইনিংস শেষ ১২৫ রানেই। দ্বিতীয় দিনের শেষে হরিয়ানার দ্বিতীয় ইনিংসে স্কোর ২ উইকেটে ১৫৮। ১৯০ রানের লিড নিয়ে নিয়েছে হরিয়ানা।
কল্যাণীর বেঙ্গল ক্রিকেট আকাদেমির মাঠে টস জিতে ফিল্ডিং নেয় বাংলা। বঙ্গ বোলারদের দাপটে প্রথম ইনিংসে ১৫৭ রানের বেশি তুলতে পারেনি হরিয়ানা। প্রথম দিনের শেষে ১ উইকেটে ১১ রান তুলেছিল বাংলা। ঋত্তিক চট্টোপাধ্যায় ১ রান করেই প্রথম দিনে আউট হয়ে যান। বাংলা দলের হয়ে অভিষেক করা অঙ্কিত চট্টোপাধ্যায়ের সঙ্গে দ্বিতীয় দিনের সূচনা করেন রোহিত কুমার।

ক্রাইসিসের সময় বাংলা দল বিগত কয়েক বছরে সবথেকে বেশি যার উপর নির্ভর করে সেই অনুষ্টুপ মজুমদার ২ রান করে আউট হলেন। সুদীপ ঘরামি ৫২ বলে ২০ রান করে আউট হলেন। ঋদ্ধিমান সাহা অজিত চাহালের বলে ৮ রান করে আউট হলেন। অভিষেক পোরেল কিছুটা চেষ্টা করলেন কিন্তু ১৭ বলে ৩১ রান করে আউট হলেন। চারটি চার এবং একটি ছক্কা মারেন।
প্রদীপ্ত প্রামাণিক ৩, সূরজ সিন্ধু ১৩, মহম্মদ কাইফ ৮ রান করে আউট হলেন। ফলে বাংলার ইনিংস শেষ হল ১২৫ রানে। ঘরের মাঠে প্রথম ইনিংসে লিড পেল না বঙ্গ ব্রিগেড। কিন্তু নক আউটের আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচ থেকে পুরো পয়েন্টি দরকার বাংলা দলের। হরিয়ানার হয়ে অনুজ ঠাকরাল একাই ছয় উইকেট নিলেন। সুমিত কুমার দুটি, অংশুল কম্বোজ এবং অজিত চাহাল একটি করে উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪০ রানে প্রথম উইকেটের পতন হয় হরিয়ানার। অঙ্কিত কুমার ৩৭ বলে ৩২ রান করে জয়সওয়ালের বলে আউট হলেন। লক্ষ্য দালাল ১০৫ বলে ৩৮ রান করে আউট হলেন। দিনের শেষে ক্রিজে আছেন হিমাংশু রানা(৪৬), নিশান্ত সাধু (২৬)। বাংলা হয়ে জয়সওয়াল এবং মুকেশ একটি করে উইকেট পেয়েছেন।
তৃতীয় দিনের শুরুতে হরিয়ানাকে দ্রুত অল আউট করতে না পারলে কিন্তু বিপদ আরও বৃদ্ধি পাবে বাংলার।












Click it and Unblock the Notifications