ঘরোয়া ক্রিকেটে ফের ফর্মাট বদল, এক ধাক্কায় কী কী বদলালো
রনজি ট্রফির নিয়মে ফের বদল। সৌরভ গঙ্গোপাধ্যায় চাইলেন বেতন বৃদ্ধি হক রনজি খেলা ঘরোয়া ক্রিকেটারদের।
রনজি নিয়ে ভারতীয় বোর্ড ঠিক কী করবে তা বোধহয় বুঝে উঠতে পারছে না। তাই একবার এই নিয়ম তো একবার ওই নিয়ম। এই ফেরেই আরও একবার বদলে গেল রনজির খোলনলচে।
গত বছর রনজির সব ম্যাচ নিরপেক্ষ জায়গায় করার পর এ বছর হোম ও অ্যাওয়ে ম্যাচ ফেরানো হচ্ছে এই টুর্নামেন্টে। শুধু তা-ই নয়, পুরো ফর্ম্যাটও পাল্টে যাচ্ছে এ বার থেকে। লিগ পর্বে কমে যাচ্ছে ম্যাচের সংখ্যা। এর আগে কোচ-ক্রিকেটার সঙ্গে বৈঠকে নিরপেক্ষ মাঠ ও দীর্ঘ টুর্নামেন্ট নিয়ে তীব্র আপত্তির জানানো হয়েছিল। এরপরই সব বদলে দেওয়া হল এ বার।

মঙ্গলবার বোর্ডের টেকনিক্যাল কমিটির বৈঠকে ঠিক হয়, রঞ্জি ট্রফিতে পুরনো নিয়ম অনুযায়ী হোম ম্যাচ খেলতে খেলবে দলগুলো। এ ছাড়া লিগ পর্যায়ে এ বার থেকে ম্যাচের সংখ্যাও কমে যাচ্ছে বলে জানিয়েছেন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান সৌরভ গঙ্গোপাধ্যায়।
এ বার রঞ্জি ট্রফিতে মোট ২৮টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রত্যেকটিতে থাকবে সাতটি করে দল। ফলে লিগ পর্যায়ে ছ'টি করে ম্যাচ খেলতে হবে প্রতি দলকে। প্রাথামিক পর্ব থেকে সেরা দুই দল কোয়ার্টার ফাইনালে উঠবে। কোয়ার্টার ফাইনাল থেকে অবশ্য নিরপেক্ষ জায়গাতেই খেলা হবে বলে ঠিক হয়েছে এ দিনের বৈঠকে। এ বার ছত্তিশগড়ও রঞ্জিতে অংশ নেওয়ায় মোট দলের সংখ্যা দাঁড়াবে ২৮। তাই এই ফর্ম্যাট বদল।

এ দিন সৌরভ ঘরোয়া ক্রিকেটে খেলার পারিশ্রমিক বাড়ানোর দাবিও তোলেন বলে জানা গিয়েছে। যাঁরা চাকরি করেন না বা আইপিএলে খেলেন না, বর্তমান পারিশ্রমিক তাঁদের পক্ষে ঠিক নয় বলে যুক্তি দেন তিনি। দলীপ ট্রফিতে এ বারও গোলাপি বলে খেলা হবে। তবে জানা গিয়েছে, গোলাপি বলে টেস্ট নিয়ে এখনও কোনও ভাবনা নেই বোর্ডে।












Click it and Unblock the Notifications