রঞ্জি ফাইনালে ইডেনে সবুজ উইকেট, বাংলা ও সৌরাষ্ট্রর একাদশে আসছে পরিবর্তন
কাল থেকে ইডেনে রঞ্জি ট্রফি ফাইনালে মুখোমুখি বাংলা ও সৌরাষ্ট্র। বাংলা দলের ওপেনিংয়ে আসছেন সুমন্ত গুপ্ত, আকাশ ঘটক একাদশে ফিরছেন। সৌরাষ্ট্রর শক্তি বাড়াতে এসে গিয়েছেন অধিনায়ক জয়দেব উনাদকাট।
রঞ্জি ট্রফির ফাইনালে কাল থেকে ইডেনে বাংলার প্রতিপক্ষ সৌরাষ্ট্র। ২০১৯-২০ মরশুমের রঞ্জি ফাইনালে রাজকোটে সৌরাষ্ট্র নিজেদের ঘরের মাঠে পাটা উইকেটে বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার ইডেনে সবুজ উইকেটে সৌরাষ্ট্রর বিরুদ্ধে মধুর প্রতিশোধ নেওয়ার হাতছানি বাংলার সামনে। দুই দলের একাদশেই আসছে পরিবর্তন।

ইডেনে রঞ্জি ফাইনাল
১৯৮৯-৯০ মরশুমের রঞ্জি ট্রফির ফাইনালে ইডেনে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। তারপর ৩৩ বছর ধরে চলছে রঞ্জি জয়ের খরা। কোয়ার্টার ফাইনালে ইডেনে ঝাড়খণ্ডকে উড়িয়ে দেওয়ার পর ইন্দোরে গিয়ে গতবারের চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশকে ৩০৬ রানে হারিয়ে এসেছে বাংলা। দলে আত্মবিশ্বাস থাকলেও আত্মতুষ্টির জায়গা নেই। কাপ জয়েই সকলের ফোকাস স্থির। বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি বলেন, কয়েকজন ক্রিকেটারের কাছে নিশ্চিতভাবেই এটি প্রতিশোধের লড়াই। কিন্তু বাকিদেরও নিজেদের সেরাটা দিয়েই পারফর্ম করতে হবে। সব বিভাগেই আমাদের ভালো প্রস্তুতি রয়েছে। পরিকল্পনা সঠিকভাবে রূপায়ণ করে নিজেদের স্বপ্নপূরণের দিকে এগিয়ে যেতে হবে।

বাংলার ওপেনিংয়ে বদল আসছে
অনুষ্টুপ মজুমদার এবারের রঞ্জিতে ৯ ম্যাচে ৭৯০ রান করেছেন। সুদীপ ঘরামি ৯ ম্যাচে ৭৮৯ ও অভিমন্যু ঈশ্বরন ৭ ম্যাচে ৭৮২ রান সংগ্রহ করেছেন। এবার বাংলার ওপেনিং কম্বিনেশন ক্লিক করেনি। একাধিকবার জুটি বদলাতে হয়েছে। কালকের ম্যাচেও করণ লালের পরিবর্তে সুমন্ত গুপ্ত ওপেন করতে নামতে পারেন অভিমন্য়ু ঈশ্বরনের সঙ্গে। তিনে সুদীপ। মিডল অর্ডারে বড় ভরসা অনুষ্টুপ ও অধিনায়ক মনোজ তিওয়ারি। অলরাউন্ডার শাহবাজ আহমেদের ব্যাটিং ও বোলিংয়ের দিকে তাকিয়ে থাকবে বাংলা।

বোলিং বিভাগেও পরিবর্তন
দুই দলের বোলিং বিভাগে পরিবর্তন আসতে চলেছে। ইডেনে সবুজ উইকেট। সৌরাষ্ট্র দলকে নেতৃত্ব দেবেন জয়দেব উনাদকাট। তিনি ভারতীয় টেস্ট দলে ছিলেন। কিন্তু দিল্লি টেস্টে তাঁর প্রয়োজন নেই বলে রঞ্জি ফাইনাল খেলতে ছেড়ে দেওয়া হয়েছে। বাংলার পেস-ত্রয়ী মুকেশ কুমার, আকাশ দীপ ও ঈশান পোড়েল সেমিফাইনালে খেলেছেন। তাঁরা ভালো ছন্দেও রয়েছেন। প্রদীপ্ত প্রামাণিক সেমিফাইনালে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। কিন্তু তাঁকে কম্বিনেশনের স্বার্থে ফাইনালে বাইরে থাকতে হচ্ছে। লক্ষ্মীরতন শুক্লার হাতে গড়া আকাশ ঘটক কোয়ার্টার ফাইনালে ব্রেক থ্রু দিয়েছিলেন। তিনি ফাইনালের দলে ফিরতে চলেছেন।

উৎসাহিত করলেন ক্রীড়ামন্ত্রী
বাংলা দলকে উৎসাহিত করতে আজ ইডেনে গিয়েছিলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির নেতৃত্বেই বাংলা এবার রঞ্জি জয়ের স্বপ্ন দেখছে। সিএবি কর্তাদের উপস্থিতিতে অরূপ বিশ্বাস কথা বলেন লক্ষ্মীরতন শুক্লা ও মনোজ তিওয়ারির সঙ্গে। মনোজ গতকাল বলেছিলেন, সৌরাষ্ট্র মন্থর ও পাটা উইকেটে খেলে। ফলে ফাইনাল হবে একপেশে। যদিও সৌরাষ্ট্র শিবির মনোজের দাবিকে পাত্তা দিচ্ছে না।

শক্তি বাড়ল সৌরাষ্ট্রর
জয়দেব উনাদকাট নিজে ইডেনে বোলিং করতে ভালোবাসেন, নিজের ঘরের মাঠও ভাবেন। আইপিএলে ভালো বোলিং করা চেতন সাকারিয়াও রয়েছেন। শেল্ডন জ্যাকসন, অর্পিত ভাসাভাড়া সেমিফাইনালে শতরান হাঁকিয়েছেন। অধিনায়ক অর্পিত তো দ্বিশতরান হাঁকান প্রথম ইনিংসে, চাপের মুখে দ্বিতীয় ইনিংসে দায়িত্বশীল ইনিংস খেলে দলকে ফাইনালে তোলেন। অর্পিত ৮ ম্যাচে ৮২৬ রান করেছেন। সবমিলিয়ে জমজমাট দ্বৈরথের অপেক্ষায় ক্রিকেটের নন্দনকানন।












Click it and Unblock the Notifications