বিরাটকে নিয়ে ভক্তদের আবদার অগ্রাহ্য বাদোনির! কোহলির ব্যাটিংয়ের জন্য বিশেষ বন্দোবস্ত ডিসিসিএ-র
Ranji Trophy: রঞ্জি ট্রফিতে শেষ কবে স্টেডিয়ামে হাজির থেকেছেন ১৫ হাজারের বেশি দর্শক! মনে করা কঠিন। কিন্তু আজ অচেনা ছবির সাক্ষী থাকল দিল্লি।
অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি বনাম রেলওয়েজ ম্যাচ চলছে। যার বিশেষ কোনও গুরুত্ব নেই। কিন্তু সেই ম্যাচ দেখতেই ভোর তিনটে থেকে পড়ল লাইন। এক সময় তা পৌঁছে গেল ২ কিলোমিটার দূরে!

রেলওয়েজের বিরুদ্ধে টস জিতে দিল্লি ফিল্ডিং নিয়েছিল। রেলওয়েজ ৬৭.৪ ওভারে তুলল ২৪১ রান। উইকেটকিপার উপেন্দ্র যাদব ১৭৭ বলে ৯৫ রান করলেন। ১০টি চার ও ১টি ছয়ের সৌজন্য়ে। কর্ণ শর্মা করেন ১০৫ বলে ৫০। সাতটি চার ও ১টি ছয় মেরেছেন। হিমাংশু সাঙ্গওয়ানের সংগ্রহ ২৯ রান।
নভদীপ সাইনি ২টি মেডেন-সহ ১৮ ওভারে ৬২ রান দিয়ে এবং সুমিত মাথুর ২টি মেডেন-সহ ১০.৪ ওভারে ২০ রান খরচ করে তিনটি করে উইকেট নিলেন। সিদ্ধান্ত শর্মা ও মানি গ্রেওয়াল দুটি করে উইকেট নিয়েছেন।
বিরাট কোহলিকে দিয়ে বল করানোর দাবি উঠল গ্যালারি থেকে। যদিও সেই কথায় কান দেননি দিল্লি অধিনায়ক আয়ুষ বাদোনি। তিনি নিজে অবশ্য ৩ ওভার হাত ঘুরিয়ে ১৪ রান দেন। উইকেট পাননি। সকলেই এখন অপেক্ষায় কাল বিরাটের ব্য়াটিংয়ের।
বিরাট কোহলির দাদা বিকাশ, ছোটবেলার কোচ রাজকুমার শর্মা, দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রোহন জেটলিরা আজ হাজির ছিলেন অরুণ জেটলি স্টেডিয়ামে। বিরাট ১২ বছর পর রঞ্জিতে প্রত্যাবর্তন করলেন।
প্রথম দিনের শেষে দিল্লির স্কোর ১০ ওভারে ১ উইকেটে ৪১। অর্পিত রাণা ৯ বলে ১০ রান করে আউট হয়েছেন। সনৎ সাঙ্গওয়ান ২৮ বলে ৯ ও যশ ঢুল ২৫ বলে ১৭ রানে অপরাজিত। কাল একটি উইকেট পড়লেই বিরাট নামবেন ব্যাট হাতে।
ডিডিসিএ সচিব অশোক শর্মা বলেছেন, ৩০-৩৫ ধরে দিল্লির ক্রিকেটের সঙ্গে যুক্ত আছি। অন্যত্র গিয়েছি। রঞ্জি ম্যাচে এমন আইপিএল বা ওয়ান ডে ম্যাচের মতো এমন উন্মাদনা আগে কখনও দেখিনি। সবটাই হয়েছে বিরাট কোহলির জন্যেই। এখান থেকেই বিরাটের উত্থান, সেখানেই ফের ১২ বছর পর ফিরে আসা রঞ্জি খেলতে।
অশোকের কথায়, আজ রাজঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচি ছিল। সকাল পৌনে ৮টায় গেট খুলে দিই। ১৫ মিনিটে গৌতম গম্ভীর স্ট্যান্ড ভরে যায়। তখনও বাইরে ৮-৯ হাজার মানুষ। প্রধানমন্ত্রীর কর্মসূচি থাকায় নিরাপত্তা ছিল নিশ্ছিদ্র। পুলিশ এসে বলে দ্রুত আরও গেট খুলে দিতে। রাস্তা খালি করতে হবে। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান চলাকালীন যাতায়াত নিয়ন্ত্রিত করা হয়।
ডিসিসিএ সচিব বলেন, পুলিশের কথামতো দ্রুত দর্শকদের মাঠে ঢোকানো হয়। অতিরিক্ত স্ট্যান্ডও খুলে দেওয়া হয়। প্রত্যাশার চেয়ে দ্বিগুণ বেশি দর্শক এসেছেন। কাল বিরাটের ব্যাটিং দেখতে আরও বেশি দর্শক আসবেন। ফলে পুলিশের সঙ্গে কথা বলেই আমরা যতগুলি সম্ভব গেট খুলে দেব। টিকিট নেই। ফলে ইচ্ছামতো কেউ বাইরে গিয়ে ফের ঢুকতেও পারবেন। খাবারের দোকানও স্টেডিয়ামের বাইরেই রয়েছে। নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হচ্ছে। আজ মাঠে ঢুকে এক ভক্ত বিরাটকে প্রণামও করেন।












Click it and Unblock the Notifications