Ranji Trophy KER vs BEN: কেরলের বিরুদ্ধে ম্যাচে শক্তিবৃদ্ধি বাংলার, মুম্বই ম্যাচে হারের পর দলে কীভাবে ঝাঁকুনি?
Ranji Trophy KER vs BEN: রঞ্জি ট্রফিতে ইডেনে মুম্বইয়ের কাছে তিন দিনেই লজ্জার হারের সম্মুখীন হয়েছে বাংলা। যার জেরে কার্যত সুতোয় ঝুলছে বাংলার নক আউটে যাওয়ার ভাগ্য।
বাংলার ম্যাচ বাকি রয়েছে দুটি। ৯ ফেব্রুয়ারি থেকে কেরলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। তারপর ইডেনে বিহারের বিরুদ্ধে নামবে বাংলা। সর্বাধিক ২৬ পয়েন্টে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু তাতেও নিশ্চিত হওয়া যাচ্ছে না।

এলিট গ্রুপ বি-তে ৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে নক আউটের টিকিট নিশ্চিত করে ফেলেছে মুম্বই। ৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে অন্ধ্র রয়েছে দ্বিতীয় স্থানে। ৫ ম্যাচে ১২ পয়েন্ট করে রয়েছে উত্তরপ্রদেশ ও বাংলার। যদিও বাংলা নেট রান রেটে পিছিয়ে রয়েছে। কেরলের ৫ ম্যাচে ৮ ও বিহারের ৫ ম্যাচে ৫ পয়েন্ট।
কোনও দল ইনিংসে জিতলে রঞ্জিতে ৭ পয়েন্ট পাওয়া যায়। ফলে বাকি ২টি ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করে বাংলা পৌঁছতে পারে সর্বাধিক ২৬ পয়েন্টে। কিন্তু তারপরও পরবর্তী রাউন্ডে যেতে বাংলাকে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। এই পরিস্থিতিতে অল-আউট ঝাঁপানো ছাড়া উপায়ও নেই।
বাংলা দলে অবশ্য শক্তিবৃদ্ধি ঘটল কেরল ম্যাচের আগে। ভারতীয় এ দল অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে সিরিজ জিতেছে। ওই সিরিজের শেষে অভিমন্যু অবশেষে রঞ্জিতে নামছেন। চোট সারিয়ে দলে এলেন শাহবাজ আহমেদ। আকাশ দীপও ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে সিরিজ খেলে বাংলা দলে ফিরলেন।
মুম্বই ম্যাচের একাদশে থাকা ওপেনার শ্রেয়াংশ ঘোষ কেরল ম্যাচের জন্য ঘোষিত ১৮ সদস্যের দল থেকে বাদ পড়লেন। ঘোষিত দল- মনোজ তিওয়ারি (অধিনায়ক), অনুষ্টুপ মজুমদার, অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামি, অভিষেক পোড়েল (উইকেটকিপার), শাকির হাবিব গান্ধী (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, আকাশ দীপ, ঈশান পোড়েল, প্রদীপ্ত প্রামাণিক, কৌশিক মাইতি, রণজ্যোৎ সিং খৈরা, করণ লাল, মহম্মদ কাইফ, শুভম চট্টোপাধ্যায়, সুরজ সিন্ধু জয়সওয়াল, সৌরভ পাল, অঙ্কিত মিশ্র।












Click it and Unblock the Notifications