Ranji Trophy: রঞ্জিতে বিরাট প্রত্যাবর্তন, কোহলির খেলা দেখা যাবে বিনামূল্যেই, একগুচ্ছ রাজকীয় আয়োজন
১৩ বছর পর আবার রঞ্জি ট্রফির ম্যাচে প্রত্যাবর্তন করছেন বিরাট কোহলি। ইতিমধ্যেই রোহিত শর্মা, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজারা নিজ নিজ রাজ্যের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলেছেন। এবার বিরাটের পালা। আপাত উত্তাপহীন রঞ্জি ট্রফির ম্যাচে এখন কোহলি ম্যানিয়া। কোহলির জন্য বিশেষ বন্দোবস্ত করছে দিল্লি ক্রিকেট সংস্থা।
আগামী ৩০ জানুয়ারি থেকে রেলওয়েজের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে দিল্লির হয়ে নামতে চলেছেন বিরাট কোহলি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এই ম্যাচ হবে। এই ম্যাচের জন্য একগুচ্ছ ব্যবস্থা করতে চলেছে ডিডিসিএ। এই ম্যাচের জন্য কোনও টিকিট ইস্যু করা হচ্ছে না। ফলে ফ্রি-তেই বিরাট কোহলির খেলা দেখতে পাবেন দর্শকরা।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, কোহলির ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তনকে রঙিন করে রাখার জন্য বিশেষ ব্যবস্থা করছে ডিডিসিএ। এই ম্যাচে প্রায় ১০ হাজার মানুষ খেলা দেখতে পারবেন, তাই নর্থ এন্ড এবং ওল্ড ক্লাব হাউস এই দুটি ব্লক ভক্তদের জন্য উন্মুক্ত করা হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অতিরিক্ত বসার ব্যবস্থা প্রয়োজন হলে বাকি স্ট্যান্ডগুলি খুলে দেওয়া হবে।
সম্ম্প্রতি মুম্বই এবং জম্মু-কাশ্মীর ম্যাচে দেখা গিয়েছে নিরাপত্তার ঢিলেঢালা চিত্রটা। নিয়ম লঙ্ঘন করে যুবককে মাঠে ঢুকেতে দেখে নিরাপত্তারক্ষীরাও ছুটে যান। তাঁরা ধরার আগেই রোহিতের কাছে পৌঁছে যান সেই যুবক। তবে কোনও সমস্যা হয়নি। আগামী দিনে বিরাট মাঠে নামলে দর্শক সমাগম আরও বেশি হবে। ফলে নিরাপত্তার ফাঁক গলে কেউ মাঠে কোহলির কাছে চলে যেতে না পারে তার জন্য মাঠে অতিরিক্ত নিরাপত্তা রাখতে চলেছে ডিডিসিএ। বাউন্ডারি লাইনে নিরাপত্তা বৃদ্ধি করা হবে।
শুধু বিরাট কোহলি নন এই ম্যাচে খেলতে পারেন ঋষভ পন্থও। তিনি রাজকোটে খেলেছিলেন সৌরাষ্ট্র দলের হয়ে। রেলওয়েজের বিরুদ্ধেও খেলতে পারেন পন্থ। ফলে কোহলি এবং পন্থ একসঙ্গে খেললে দর্শকদের মধ্যে উন্মাদনা আরও বৃদ্ধি পাবে।
বিরাট কোহল শেষবার ২০১২ সালে দিল্লির হয়ে রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছিলেন। গাজিয়াবাদে উত্তর প্রদেশের বিরুদ্ধে খেলেছিলেন কোহলি। সেই ম্যাচে দুই ইনিংসেই রান পাননি। এবার পরিস্থিতি ভিন্ন। গত ১৩ বছরে কোহলি বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি হয়ে উঠেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে লাল বলের ক্রিকেটে তাঁর ফর্ম একেবারেই ভালো নয়। তাই ইংল্যান্ড সিরিজের আগে এই রঞ্জি ম্যাচ কোহলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।












Click it and Unblock the Notifications