Ranji Trophy: ইডেনেই ফের স্বপ্নভঙ্গ! অনুষ্টুপের শতরানেও মুম্বইয়ের কাছে লজ্জার হারের মুখে বাংলা
Ranji Trophy: ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধে পুরো পয়েন্ট তুলে নক আউট পর্বে যাওয়ার সম্ভাবনা জোরদার করার পরিকল্পনা ছিল। কিন্তু পুরো পয়েন্ট দূরের কথা, তিন পয়েন্টও নিশ্চিত করা গেল না।
ইডেনে রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে অজিঙ্ক রাহানে-হীন মুম্বই এবার বাংলাকে ফলো অন করানোর পথে। অনুষ্টুপ মজুমদারের শতরান সত্ত্বেও প্রথম ইনিংসে বাংলা পিছিয়ে রইল ২১৩ রানে। ফলে সাত পয়েন্টই টার্গেট করবে শিবম দুবের দল।

বাংলার বোলারদের দায়বদ্ধতা ও ধারাবাহিকতার অভাবে ৮৭ রানে চার উইকেট হারানো মুম্বইও পৌঁছে যায় ৪১২ রানে। আজ দ্বিতীয় দিন মুম্বই শুরু করেছিল ৬ উইকেটে ৩৩০ রান নিয়ে। তনুশ কোটিয়ান ৬৭, অথর্ব আঙ্কোলেকর ৪৬, ঘবল কুলকার্নি ১৪ রান করেন। ১১ নম্বরে নামা রয়স্টন ডায়াস ৪৬ রানে অপরাজিত থাকেন।
৩৪৭ রানে নবম উইকেট হারিয়েছিল মুম্বই। সেখান থেকে স্কোর পৌঁছে যায় ৪১২ রানে। সুরজ সিন্ধু জয়সওয়াল ১২৪ রান খরচ করে নেন ৬ উইকেট। মহম্মদ কাইফ ২টি, ঈশান পোড়েল ও অঙ্কিত মিশ্রর ঝুলিতে ১টি করে উইকেট। মুম্বই আগের ম্যাচেই চলতি রঞ্জিতে প্রথম হারের সম্মুখীন হয়েছিল নিজেদের মাঠে। এবার ফের জয়ের সরণিতে ফেরার অপেক্ষা।
বাংলা শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ৭.৪ ওভারে ১১ ওভারের মধ্যে পড়ে যায় তিন উইকেট। সৌরভ পাল ০, শ্রেয়াংশ ঘোষ ৫ ও সুদীপ ঘরামি ৬ রান করেন। এরপর অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক মনোজ তিওয়ারি ও অনুষ্টুপ মজুমদার। দলের ৮৯ রানের মাথায় পড়ে চতুর্থ উইকেট। মনোজ ফেরেন ৬১ বলে ৩৬ রান করে।
অভিষেক পোড়েল ১৩, করণ লাল ১৪, জয়সওয়াল ৪, কাইফ ৮, ঈশান ১ ও মিশ্র ০ রানে আউট হন। বাংলার ইনিংস গুটিয়ে যায় ৫৬ ওভারে মাত্র ১৯৯ রানেই। অনুষ্টুপ মজুমদার ১২৭ বলে ১২৮ রান করে অপরাজিত রইলেন। তিনি ১২টি চার ও তিনটি ছয় মেরেছেন। খেলার যা গতিপ্রকৃতি তাতে বাংলার কার্যত বিদায় নিশ্চিত হয়ে যাবে ইডেন থেকেই।
অনুষ্টুপের এই ইনিংস-সহ শেষ আটটি ইনিংসে রয়েছে পাঁচটি শতরান। বিজয় হাজারে ট্রফির পাঞ্জাব ম্যাচে অপরাজিত ১১১ রান করার পরের ম্যাচেই গুজরাতের বিরুদ্ধে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। চলতি রঞ্জিতে তিনি অন্ধ্রের বিরুদ্ধে ১২৫ ও অসমের বিরুদ্ধে আগের ম্যাচে ১২৫ রান করেন। এবারের রঞ্জিতে তৃতীয় তথা টানা দ্বিতীয় সেঞ্চুরি পেলেন বাংলার রুকু।
মুম্বইয়ের বোলারদের মধ্যে ৬৩ রানে তিন উইকেট নেন মোহিত অবস্থি। রয়স্টন ডায়াস ও অধিনায়ক শিবম দুবে দুটি করে উইকেট নিয়েছেন। ধবল কুলকার্নি ও তনুশ কোটিয়ান পান ১টি করে উইকেট। টানা দুই দিন ব্যাট করে ম্যাচ বাঁচানো বাংলার কাছে কার্যত অসম্ভব।












Click it and Unblock the Notifications