Ranji Trophy: মধ্যপ্রদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় বাংলার, শাহবাজের ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে শামির ৩ শিকার
Ranji Trophy: মধ্যপ্রদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল বাংলা। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে আজ ম্যাচের শেষ দিন চা বিরতির পরই এলো কাঙ্ক্ষিত জয়।
মধ্যপ্রদেশের টেল এন্ডাররা লক্ষ্যের কাছে পৌঁছতে মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন। তবে শেষমেশ স্নায়ুযুদ্ধে শেষ হাসি হাসল বাংলা। জয় এলো ১১ রানে।

আজ শেষ দিনে বাংলার দরকার ছিল ৭ উইকেট। গতকাল তৃতীয় দিনের শেষে মধ্যপ্রদেশের স্কোর ছিল ৪১ ওভারে ৩ উইকেটে ১৫০। আজ খেলা শুরুর পর প্রথম ওভারের তৃতীয় বলেই রজত পাটীদারকে (৪৪ বলে ৩২) বোল্ড করে দেন মহম্মদ শামি। ১৫১ রানে পড়ে চতুর্থ উইকেট।
৪৯.১ ওভারে ১৬১ রানে পড়ে পঞ্চম উইকেট। হরপ্রীত সিং ভাটিয়া ২৯ বলে ৭ রানে মহম্মদ কাইফের শিকার হন। এরপর দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক শুভম শর্মা ও বেঙ্কটেশ আইয়ার। মধ্যাহ্নভোজের বিরতিতে টার্গেট থেকে ১০০ রান দূরে ছিল মধ্যপ্রদেশ।
লাঞ্চের পর ২৫৫ রানেই ষষ্ঠ ও সপ্তম উইকেট পড়ে। ৭৮.৩ ওভারে আইয়ার ৯৫ বলে ৫৩ রানে রোহিত কুমারের বলে আউট হন। এরপর ১৬১ বলে ৬১ রান করে শুভম লেগ বিফোর হন শাহবাজ আহমেদের ডেলিভারিতে। তখনও মধ্যপ্রদেশের জয়ের জন্য দরকার ৮৩ রান।
এরপর বাংলার নতুন বলের আক্রমণ সামাল দিতে থাকেন আরিয়ান পাণ্ডে ও সারাংশ জৈন। অষ্টম উইকেট জুটিতে তাঁরা ১০৪ বলে ৬২ রান যোগ করেন। এই জুটি ভাঙেন শাহবাজ আহমেদ। ৪৮ বলে ৩২ রান করে সারাংশ শাহবাজের শিকার হন দলের ৩১৭ রানের মাথায়।
চা বিরতিতে মধ্যপ্রদেশের স্কোর গিয়ে পৌঁছয় ৯৮ ওভারে ৮ উইকেটে ৩২৩ রানে। জয়ের জন্য তখনও দরকার ছিল ১৫ রান। যদিও ৯৯.২ ওভারে ৩২৬ রানে শেষ হয়ে যায় মধ্যপ্রদেশ। চা বিরতির পর প্রথম ওভারের পঞ্চম বলে ৩২৪ রানে পড়ে নবম উইকেট।
আরিয়ান পাণ্ডে ৬৩ বলে ২২ রানে লেগ বিফোর হন শাহবাজের বলে। এর পরের ওভারটি করতে গিয়ে মহম্মদ শামি আউট করেন কুমার কার্তিকেয়কে। ১২ বলে ছয় রান করেন কার্তিকেয়। কুলবন্ত খেজরোলিয়া ২ রানে অপরাজিত থাকেন।
শাহবাজ আহমেদ ১৯ ওভারে ২টি মেডেন-সহ ৪৮ রানে চার উইকেট নিলেন। মহম্মদ শামির দ্বিতীয় ইনিংসে বোলিং ফিগার ২৪.২ ওভার তিন মেডেন ১০২ রানে তিন উইকেট। ১৪ ওভারে পাঁচটি মেডেন-সহ ৪৭ রান খরচ করে ২ উইকেট নেন রোহিত কুমার। মহম্মদ কাইফের ১৮ ওভারে তিনটি মেডেন, ৫০ রান দিয়ে নিলেন ১ উইকেট। চলতি রঞ্জি ট্রফিতে প্রথম জয়ে বাংলা বাঁচিয়ে রাখল নক-আউট পর্বে যাওয়ার আশা।












Click it and Unblock the Notifications