Ranji Trophy: তৃতীয় দিনে জলজের ব্যাটে চাপে বাংলা, তিন পয়েন্ট পেতে হলে শেষ দিনে টি২০ খেলতে হবে অনুষ্টুপদের
বিহার ম্যাচ থেকে ১ পয়েন্ট প্রাপ্তির পর কেরলের বিরুদ্ধে পুরো পয়েন্টের লক্ষ্যে ঘরের মাঠে খেলেতে নেমেছে বাংলা। প্রথম দিন মাঠ ভিজে থাকায় খেলা পণ্ড হয়ে যায়। দ্বিতীয় দিনের খেলা শুরু হলে শেষ পর্যন্ত বাংলা সুবিধা জনক জায়গায়ই ছিল। কিন্তু তৃতীয় দিনের শেষে প্রবল অস্বস্তিতে বাংলা শিবির। এই ম্যাচ থেকেও তিন পয়েন্ট পাওয়াও কঠিন হচ্ছে অনুষ্টুপদের জন্য।
রবিবার দ্বিতীয় দিন খেলা হয়েছিল মাত্র ১৫ ওভার। কিন্তু দ্বিতীয় দিনেই কেরলের চার ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন ঈশানরা। কিন্তু ম্যাচের তৃতীয় দিনে সারাদিনে কেরলের তিন ব্যাটসম্যানকে আউট করতে সক্ষম হলেন বাংলার বোলাররা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের মাঠের পাটা উইকেটে সারাদিন শাসন করলেন জলজ সাক্সেনা এবং সলমন নিজার জুটি।

৮৩ রানেই বিপক্ষের ছয় উইকট ফেলে দেয় বাংলা। মনে করা হচ্ছিল দ্রুত প্রতিপক্ষকে অল আউট করে দেবে বাংলা দল। কিন্তু সেই আশায় জল ঢেলে দিলেন জলজ ও সলমন নিজার জুটি । কিন্তু এরপরই শুধু হয় কেরলের শাসন। ২২৩ রানের পার্টনারশিপ গড়ে তুললেন তাঁরা। ৮৪ রানে জলজকে ফেরালেন সুরজ সিন্ধু জয়সওয়াল। তৃতীয় দিনের শেষে কেরলের স্কোর ৭ উইকেটে ২৬৭। সলমন নিজার ৬৪ এবং আজহারউদ্দিন ৩০ রানে ক্রিজে রয়েছেন।
পরিস্থিতি যা তাতে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতে হলে শেষ দিনে বাংলাকে টি২০-র স্টাইলে খেলতে হবে। সেক্ষেত্রে মঙ্গলবার সকালে দ্রুত প্রতিপক্ষের তিন ব্যাটারকে আউট করতে হবে এবং ব্যাট হাতে ঝড়ের বেগে রান তুলে প্রথম ইনিংসে লিড নিতে হবে। কারণ এই ম্যাচ থেকেও ১ পয়েন্ট প্রাপ্তি হলে চাপ বাংলার উপর অনেকটা বেড়ে যাবে।
দিনের শেষে আম্পায়ারিং ক্ষোভ বঙ্গ শিবিরে। বাংলা দলের দাবি আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয়েছেন তাঁরা। শাহবাজের বলে দুটি নিশ্চিত এলবিডাব্লুউ তাদের দেওয়া হয়নি দাবি। ফলে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ বাংলা শিবির। দিনেৱ শেষে সাংবাদিকদের সামনে বাংলার কেউই কথা বলেননি।












Click it and Unblock the Notifications