Ranji Trophy: পাঞ্জাবের বিরুদ্ধে বাংলার চারশো রান চাইছেন লক্ষ্মীরতন, ইডেনে প্রথম দিনেই পড়ল ১৪ উইকেট
Ranji Trophy: ইডেনে পাঞ্জাবের ব্যাটিং লাইন আপে ভাঙন ধরিয়ে সাত পয়েন্ট সংগ্রহের আশা জাগিয়েছিলেন বোলাররা। যদিও পরের দিকে তাঁরা হতাশই করলেন।
ইডেনে রঞ্জি ম্যাচে আজ পড়ল ১৪ উইকেট। টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলা। পাঞ্জাবের ১৯১ রানের জবাবে দিনের শেষে বাংলার প্রথম ইনিংসের স্কোর ৪ উইকেটে ১১৯।

বাংলার ওপেনিং জুটিতে এদিন মাত্র ১৮ রান ওঠে। ২৫ বলে ১১ রান করে গুরনুর ব্রারের শিকার হন অঙ্কিত চট্টোপাধ্যায়। যেভাবে কট বিহাইন্ড হলেন তাতে হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা বললেন, যত বেশি খেলবেন, তত অভিজ্ঞতা বাড়বে। তাতে এই ধরনের পরিস্থিতি এড়াতে পারবেন অঙ্কিত।
চোট সারিয়ে ফিরে ব্যর্থ সুদীপ চট্টোপাধ্যায়। তিনি ৩৪ বলে ১৭ করলেন, তিনটি চারের সাহায্যে। ১৩.২ ওভারে ৪২ রানে বাংলার দ্বিতীয় উইকেট পড়ে। ১৬.১ ওভারে ৫২ রানে তৃতীয় উইকেটের পতন। সুদীপ কুমার ঘরামি ২৮ বলে ১৪ রান করে ফেরেন।
এরপর চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক অনুষ্টুপ মজুমদার ও সুমন্ত গুপ্ত ৫০ রান যোগ করেন। অনুষ্টুপ ৪৪ বলে ৩২ রান করেন। তিনিও তিনটি বাউন্ডারি মেরেছেন। অনুষ্টুপ ব্রারের দ্বিতীয় শিকার। দিনের শেষে সুমন্ত গুপ্ত পাঁচটি চার ও ১টি ছয়ের সাহায্যে ৪২ বলে ৩৯ রানে অপরাজিত আছেন।
তাঁর সঙ্গে ১৩ বলে ৫ রানে অপরাজিত নাইটওয়াচম্যান সুরজ সিন্ধু জয়সওয়াল। কাল ঋদ্ধিমান সাহা, অভিষেক পোড়েল, বিশাল ভাটিদের দিকে তাকিয়ে থাকবে বাংলা। হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেন, অনুষ্টুপ ভালো বলে আউট হয়েছেন। তিনি থাকলে আমাদের চিন্তা কিছুটা কম থাকতো। তবে ব্যাটিং ভালোই হচ্ছে। কাল অন্তত চারশো রান আশা করছি।
পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলে ১টি ম্য়াচ খেলা গুরনুর ব্রারকে ১.৩ কোটি টাকায় এবারের নিলাম থেকে কিনেছে গুজরাত টাইটান্স। গুরনুর এদিন ১টি মেডেন-সহ ১২ ওভারে ৪৫ রান খরচ করে ২টি উইকেট নিলেন। সাহিল খান ও আরাধ্য শুক্লা ১টি করে উইকেট পেয়েছেন।
এদিন, টস হেরে ব্যাট করতে নেমে পাঞ্জাব তোলে ৫৭.২ ওভারে ১৯১ রান। ছয়ে নামা উইকেটকিপার-ব্যাটার আনমোল মালহোত্রা ১১৪ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন। চারটি করে উইকেট নেন সুরজ সিন্ধু জয়সওয়াল ও এই ম্যাচে অভিষেক হওয়া সুমিত মোহন্ত। মহম্মদ শামির ভাই কাইফ নেন ২ উইকেট।












Click it and Unblock the Notifications