Ranji Trophy: রঞ্জি ট্রফিতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে চাপে বাংলা, ব্যাটিং ব্যর্থতার পর নিষ্প্রভ বোলাররাও
Ranji Trophy: রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়াতে চলেছে বাংলা। লখনউয়ের একানা স্টেডিয়ামে প্রথম ইনিংসে লিড নেওয়ার দিকেই এগিয়ে চলেছে উত্তরপ্রদেশ।
দ্বিতীয় দিনের শেষ উত্তরপ্রদেশ বাংলার প্রথম ইনিংসের চেয়ে ১১৩ রানে পিছিয়ে রয়েছে। হাতে রয়েছে সাত উইকেট। ফলে মিরাকল না ঘটলে বাংলাকে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হতে পারে।

৮২ ওভারে ৭ উইকেটে ২৬৯ রান নিয়ে খেলতে নেমে আজ বাংলার ইনিংস শেষ হয়ে যায় ৯৬.২ ওভারে ৩১১ রানে। শাহবাজ আহমেদ চারটি চারের সাহায্যে ৮০ বলে ৪৪ রান করেন। সুরজ সিন্ধু জয়সওয়াল ১৫, মহম্মদ কাইফ ৭ রান করেন। মুকেশ কুমার ১ রানে অপরাজিত থাকেন।
গতকাল বাংলার প্রথম উইকেট ১৪ রানে পড়ার পর সুদীপ ঘরামি ও সুদীপ চট্টোপাধ্যায় ১৯৮ রানের পার্টনারশিপ গড়েছিলেন। ২১২ রানে পড়ে দ্বিতীয় উইকেট। সেখান থেকে ২১৮ রানে পঞ্চম, ২৩৬ রানে ষষ্ঠ ও ২৬৩ রানে সপ্তম উইকেটের পতন ঘটে। ফলে বাংলার ইনিংসের শেষ ৯ উইকেট পড়ল মাত্র ৯৯ রানে!
সুদীপ চট্টোপাধ্যায় ত্রিপুরা ছেড়ে বাংলায় ফেরার পর প্রথম রঞ্জি ম্যাচেই ওপেন করতে নেমে খেললেন ১১৬ রানের ইনিংস। মেরেছেন ৯টি চার ও ১টি ছয়। ১১টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১৬১ বলে ৯০ রান করেন ঘরামি। অভিমন্যু ঈশ্বরণ ৫, অধিনায়ক অনুষ্টুপ মজুমদার ১, অভিষেক পোড়েল ২, ঋদ্ধিমান সাহা ০, ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ১২ রানে আউট হন।
১৪.২ ওভারে পাঁচটি মেডেন-সহ ২৭ রানে চার উইকেট নেন যশ দয়াল। বিপরাজ নিগমও চারটি উইকেট দখল করেন। সৌরভ কুমারের ঝুলিতে ১ উইকেট। জবাবে খেলতে নেমে আজ ম্যাচের দ্বিতীয় দিনের শেষে উত্তরপ্রদেশ ৬৪ ওভারে তিন উইকেট হারিয়ে ১৯৮ রান তুলেছে।
উইকেটকিপার আরিয়ান জুয়াল আটটি চারের সাহায্যে ১৯৫ বলে ৯০ রানে অপরাজিত আছেন। স্বস্তিক চিকারা ৪১, নীতীশ রানা ৩২ ও প্রিয়ম গর্গ ২ রান করেছেন। সিদ্ধার্থ যাদব ২০ রানে অপরাজিত আছেন। বাংলা প্রথম উইকেটটি তুলতে পারে ২৭তম ওভারে গিয়ে। ওপেনিং জুটিতে ৮৩ রান উঠেছে। শাহবাজ আহমেদ ৪টি মেডেন-সহ ২১ ওভারে ৪৭ রান দিয়ে ২ উইকেট নেন। চারটি মেডেন-সহ ১২ ওভারে ২৩ রান দিয়ে একটি উইকেট নেন মহম্মদ কাইফ। মুকেশ কুমার ১২ ওভারে ৩৬ রান দিয়ে উইকেট পাননি। সুরজ, ঋত্ত্বিকরাও বল হাতে দাগ কাটতে ব্যর্থ।












Click it and Unblock the Notifications