শামির ৮ ও শাহবাজের ৯ শিকারে দুরমুশ গুজরাত, ইডেনে রঞ্জি ম্যাচে জয়ের ধারা বজায় রাখল বাংলা
ইডেনে চলতি রঞ্জি ট্রফির প্রথম দুটি হোম ম্যাচেই জয় ছিনিয়ে নিল বাংলা। আজ গুজরাতকে অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বাধীন দল পরাস্ত করল ১৪১ রানে।
একা কুম্ভ রক্ষা করে উর্বিল প্যাটেল দুরন্ত শতরান হাঁকিয়ে অপরাজিত থাকলেও দলকে জেতাতে ব্যর্থ। দ্বিতীয় ইনিংসে পাঁচটি-সহ গোটা ম্যাচে ৮ উইকেট নিলেন মহম্মদ শামি। দুই ইনিংস মিলিয়ে ৯ শিকার ঝুলিতে পুরে ম্যাচের সেরা হলেন শাহবাজ আহমেদ।

গতকাল তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ছিল ৪৮ ওভারে ৬ উইকেটে ১৭০ রান। শেষ অবধি ৫৪ ওভারে ৮ উইকেটে ২১৪ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে বাংলা। ৯টি চারের সাহায্যে ৯১ বলে ৫৮ রান করেন অনুষ্টুপ মজুমদার। সুরজ সিন্ধু জয়সওয়াল ২৬ বলে ৭ রান করে আউট হন। ১টি চার ও ২টি ছয়ের সাহায্যে আকাশ দীপ ১৮ বলে ২৫ এবং মহম্মদ শামি ৪ বলে ৪ রান করে অপরাজিত থেকে যান।
সিদ্ধার্থ দেশাই ৬১ রানের বিনিময়ে পাঁচটি, অর্জন নাগওয়াসওয়ালা ২টি ও বিশাল জয়সওয়াল নেন একটি উইকেট। জয়ের জন্য গুজরাতের সামনে ৩২৭ রানের লক্ষ্য রেখেছিল বাংলা। চতুর্থ উইকেট জুটিতে উর্বিল ও জয়মিত প্যাটেল ১০৩ রানের পার্টনারশিপ গড়েন। যদিও ৩২ রানের মধ্যে শেষ সাতটি উইকেট হারিয়ে লক্ষ্যের চেয়ে অনেক দূরেই থেমে যায় গুজরাত। গুজরাত দ্বিতীয় ইনিংসে তোলে ৪৫.৫ ওভারে ১৮৫ রান।
তিনে নেমে ১৬টি চারের সাহায্যে উর্বিল ১২৪ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন। পাঁচটি চারের সাহায্যে ১০৫ বলে ৪৫ করেন জয়মিত। বাকিরা কেউ দুই অঙ্কের রান পাননি। মোট ৬ জন ব্যাটার আউট হন শূন্য রানে।
মহম্মদ শামি ১টি মেডেন-সহ ১০ ওভারে ৩৮ রান খরচ করে পাঁচ উইকেট পেলেন। প্রথম ইনিংসে তিনি নেন তিন উইকেট। শাহবাজ ২টি মেডেন-সহ ১৬.৫ ওভারে ৬০ রান দিয়ে তিনটি উইকেট পেয়েছেন। প্রথম ইনিংসে তিনি নেন ছয় উইকেট। দ্বিতীয় ইনিংসে আকাশ দীপের বোলিং ফিগার ১০ ওভার, কোনও মেডেন নেই, ৩৮ রানের বিনিময়ে ১ উইকেট। ঈশান পোড়েল ২টি মেডেন-সহ ৭ ওভারে ২২ ও সুরজ সিন্ধু জয়সওয়াল ২ ওভারে ১৬ রান দিয়ে কোনও উইকেট নিতে পারেননি।
এলিট গ্রুপ সি-র শীর্ষে আপাতত সার্ভিসেস। তাদের ২ ম্যাচে রয়েছে ১৩ পয়েন্ট, নেট রান রেট ১.৮৯৯। হরিয়ানার রয়েছে ২ ম্যাচে ১২ পয়েন্ট, বাংলারও তাই। তবে হরিয়ানার নেট রান রেট ১.৫৭২, বাংলার ১.৫৬১। সে কারণে বাংলা রইল তিনে। শনিবার থেকে বাংলার পরবর্তী ম্যাচ আগরতলায় ত্রিপুরার বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications