Ranji Trophy: উত্তরাখণ্ডের ব্যাটিং লেজ ছাঁটতে হিমশিম অবস্থা বাংলার! তিন পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হচ্ছে মনোজদের
রঞ্জি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়ার স্বপ্নের জলাঞ্জলি। প্রতিপক্ষের ব্যাটিং লেজ ছাঁটতে হিমশিম দশা বাংলার। দেরাদুনে অভিমন্যু ঈশ্বরন ক্রিকেট আকাদেমি থেকে তিন পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হবে বাংলাকে। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলা এগিয়ে ১৬৩ রানে।

(ছবি- সিএবি মিডিয়া)
বাংলা প্রথম ইনিংসে তুলেছিল ৩৮৭ রান। জবাবে খেলতে নেমে ৪৮ রানে ৬ উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে গিয়েছিল উত্তরাখণ্ড। দ্বিতীয় দিনের শেষে তাদের স্কোর ছিল ৬ উইকেটে ১০৪। উত্তরাখণ্ডের সপ্তম উইকেটটি পড়ে ১১৮ রানের মাথায়। অখিল রাওয়াত (৯২ বলে ৪০) শাহবাজ আহমেদের বলে লেগ বিফোর হন। বাকি তিনটি উইকেট দ্রুত তুলে নিতে পারলেই সরাসরি জয়ের জন্য ঝাঁপাতে পারল বাংলা। কিন্তু জোরদার লড়াই চালিয়ে এই পরিস্থিতি থেকেও ২৭২ রানে পৌঁছে গেল উত্তরাখণ্ড।
অষ্টম উইকেট জুটিতে ১২৮ রান যোগ করেন কুণাল চাণ্ডেলা ও অভয় নেগি। ১৬৩ বলে ৫০ রান করে তিনি আকাশ দীপের বলে আউট হলে উত্তরাখণ্ডের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ২৪৬। ২৫১ রানে পড়ে নবম উইকেট। আকাশ মাধওয়াল ৪ রান করে প্রদীপ্ত প্রামাণিকের বলে স্টাম্প আউট হন। ৪৮.২ ওভারে পড়েছিল সপ্তম উইকেট। উত্তরাখণ্ডের প্রথম ইনিংসে যবনিকা পতন হয় ১০৫.৩ ওভারে। চাণ্ডেলা ৩০৪ বলে ১৩৬ রান করেন। তাঁর উইকেটটিও তুলে নেন প্রদীপ্ত। ঈশান পোড়েল ও গীত পুরী কোনও উইকেট পাননি। ঈশান ৫ মেডেন-সহ ১৭ ওভারে ৪০ রান খরচ করেন। গীতের ৮ ওভারে ২টি মেডেন, ২৭ রান দিয়েছেন।
প্রদীপ্ত প্রামাণিক সাতটি মেডেন-সহ ৩২.৩ ওভারে ৫৮ রান খরচ করে চার উইকেট পেয়েছেন। পাঁচটি মেডেন-সহ ২৭ ওভারে ৬৬ রান দিয়ে তিন উইকেট তুলে নেন শাহবাজ আহমেদ। ৫টি মেডেন-সহ ২১ ওভারে ৬৩ রানের বিনিময়ে তিনটি উইকেট আকাশ দীপের। জবাবে খেলতে নেমে বাংলার দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই সায়নশেখর মণ্ডলের উইকেট তুলে নেন ময়াঙ্ক মিশ্র। ওপেনার হিসেবে দুই ইনিংসেই ব্যর্থ অভিজ্ঞ সায়ন। দিনের শেষে ২৪ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলা ৪৮ রান তুলেছে। অভিমন্যু ঈশ্বরন ৭১ বলে ২৪ ও সুদীপ ঘরামি ৭২ বলে ২৪ রানে ব্যাট করছেন। ম্যাচের শেষদিনে ব্যাটিং প্র্যাকটিস সেরে নেওয়া ছাড়া আর কোনও লক্ষ্য নেই বাংলার। বোলাররা এদিন অল্প রানে বেঁধে ফেলতে পারলে উত্তরাখণ্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়া েেঅসম্ভব ছিল না।












Click it and Unblock the Notifications