Ranji Trophy: সুরজের দাপটে ঋদ্ধিমানের শেষ ম্যাচে বাংলার স্মরণীয় জয়, ইনিংস ও ১৩ রানে হারল পাঞ্জাব
Ranji Trophy: আড়াই দিনও লাগল না ইডেনে রঞ্জি ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে দিতে। ইনিংস ও ১৩ রানে জিতে এবারের রঞ্জি অভিযান শেষ করল বাংলা।
নক আউট পর্বে যাওয়ার যে ক্ষীণ আশাটুকু ছিল তাও গতকাল শেষ হয়ে গিয়েছিল কেরল বিহারের বিরুদ্ধে ইনিংস জয় ছিনিয়ে নেওয়ায়। ফলে সাত পয়েন্ট পেয়েও বাংলা নক আউটে যেতে পারল না। রইল বিহার ম্যাচ ভেস্তে যাওয়ার হা-হুতাশ।

টস জিতে পাঞ্জাবকে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলা। পাঞ্জাবের ১৯১ রানের জবাবে গতকাল বাংলার প্রথম ইনিংস শেষ হয় ৩৪৩ রানে। জবাবে দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে পাঞ্জাবের স্কোর ছিল ২১ ওভারে ৩ উইকেটে ৬৪।
আজ বাকি সাত উইকেট প্রথম সেশনেই তুলে নিলেন বাংলার বোলাররা। ৩৫.৪ ওভারে ১৩৯ রানেই গুটিয়ে যায় পাঞ্জাবের দ্বিতীয় ইনিংস। আনমোলপ্রীত সিং ৩০, প্রভসিমরণ সিং ১২, আনমোল মালহোত্রা ০, অধিনায়ক ময়াঙ্ক মার্কণ্ডে ৩১, আরাধ্য শুক্লা ০, গুরনুর ব্রার ২৬ ও সাহিল খান ১৩ রান করে আউট হন।
গতকাল দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট না পেলেও আজ চার উইকেট পেলেন সুরজ সিন্ধু জয়সওয়াল। ব্যাট হাতে তিনি দায়িত্বশীল শতরানও হাঁকিয়েছিলেন নাইটওয়াচম্যান হিসেবে নেমে। এই ম্যাচে দুই ইনিংসেই চারটি করে উইকেট দখল করলেন রঞ্জিতে এবার বাংলার সর্বাধিক উইকেটশিকারী।
সুরজ দ্বিতীয় ইনিংসে ১৩.৪ ওভার বল করলেন, ২টি মেডেন, ৬৯ রান দিয়ে পেলেন চার উইকেট। সুমিত মোহন্ত চারটি মেডেন-সহ ১৩ ওভারে ২৯ রান খরচ করে তিন উইকেট নিলেন। ১টি মেডেন-সহ ৯ ওভারে ৪১ রান দিয়ে ২ উইকেট মহম্মদ কাইফের।
কেরল আপাতত সাত ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে এলিট গ্রুপ-সি-র শীর্ষে। বাংলা অভিযান শেষ করল ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে। বিহার ৭ ম্যাচ থেকে ১ পয়েন্ট পেয়েছে। বাংলার বিরুদ্ধে ম্যাচ কল্যাণীতে বৃষ্টি ও ভিজে আউটফিল্ডের কারণে ভেস্তে গিয়েছিল। ওই ম্যাচেই একমাত্র পয়েন্টটি পায় বিহার। কিন্তু বাংলা যদি বিহার ম্যাচ থেকে সাত পয়েন্ট তুলে নিতে পারতো তাহলে সম্ভাবনা থাকতো নক আউটে যাওয়ার।












Click it and Unblock the Notifications