Ranji Trophy: শুরুতেই মুখ থুবড়ে পড়ল বিগত ২ বছরের চ্যাম্পিয়নরা! রঞ্জি ম্যাচের উল্লেখযোগ্য ফলাফলগুলি একনজরে
Ranji Trophy: রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল বিগত ২ বছরের চ্যাম্পিয়নরা। ভদোদরায় বরোদার কাছে হেরে গেল গতবারের চ্যাম্পিয়ন তথা সদ্য ইরানি কাপ জেতা মুম্বই।
অন্যদিকে, ২০১৯-২০ ও ২০২২-২৩ মরশুমে রঞ্জি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র হেরে গেল তামিলনাড়ুর কাছে। একনজরে রঞ্জি ম্যাচের উল্লেখযোগ্য ফলাফলগুলি দেখে নেওয়া যাক।

বরোদা ৮৪ রানে হারাল মুম্বইকে। প্রথম ইনিংসে চার ও দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন ভার্গব ভাট। ক্রুণাল পাণ্ডিয়ার নেতৃত্বাধীন বরোদার ২৯০ রানের জবাবে প্রথম ইনিংসে ২১৪ রান তোলে অজিঙ্ক রাহানের মুম্বই। বরোদার দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৮৫ রানে।
জেতার জন্য মুম্বইয়ের দরকার ছিল ২৬২। যদিও মাত্র ১৭৭ রানেই গুটিয়ে যায় মুম্বই। রোহিত শর্মার ছোটবেলার কোচ দীনেশ লাডের পুত্র সিদ্ধেশ সর্বাধিক ৫৯ রান করেন। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন শ্রেয়স আইয়ার। দ্বিতীয় ইনিংসে তিনি করেন ৩০। রাহানে প্রথম ইনিংসে ২৯ ও ও দ্বিতীয় ইনিংসে ১২ রান করেন। শার্দুল ঠাকুর প্রথম ইনিংসে ২টি ও দ্বিতীয় ইনিংসে ১ উইকেট পান। ব্যাট হাতে করেন ২৭ ও ৮।
কোয়েম্বাটোরে তামিলনাড়ু ইনিংস ও ৭০ রানে হারাল সৌরাষ্ট্রকে। গুর্জাপনীত সিং ২২ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন। সৌরাষ্ট্র প্রথম ইনিংসে ২০৩ করেছিল। জবাবে তামিলনাড়ু তোলে ৩৬৭। দ্বিতীয় ইনিংসে জয়দেব উনাদকাটের নেতৃত্বাধীন সৌরাষ্ট্র ৯৪ রানে গুটিয়ে যায়। চেতেশ্বর পূজারা প্রথম ইনিংসে ১৬ ও দ্বিতীয় ইনিংসে ০ রানে আউট। তামিলনাড়ুর নারায়ণ জগদীশান ১০০ ও সাই সুদর্শন ৮২ রান করেন।
রঞ্জি ট্রফির অপর ম্যাচগুলির মধ্যে সার্ভিসেস ইনিংস ও ৬৫ রানে হারাল মেঘালয়কে। গুজরাত ১২৬ রানে হারাল হায়দরাবাদকে। উত্তরাখণ্ডকে ইনিংস ও ৯৭ রানে হারিয়েছে হিমাচল প্রদেশ। অন্ধ্র প্রদেশকে ৭৪ রানে হারিয়েছে বিদর্ভ।












Click it and Unblock the Notifications