Ranji Trophy: অনুষ্টুপের অধিনায়কোচিত শতরান, সুদীপ ও শাহবাজের হাফ সেঞ্চুরি, বাংলা বড় রানের লক্ষ্যে
Ranji Trophy: বাংলার বিপর্যয়ে ফের চওড়া হলো অনুষ্টুপ মজুমদারের। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে কর্ণাটকের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে তিনি হাঁকালেন অধিনায়কোচিত শতরান।
অনুষ্টুপকে যোগ্য সঙ্গত দিলেন সুদীপ চট্টোপাধ্যায় ও শাহবাজ আহমেদ। সুদীপ আউট হলেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তনী শাহবাজ এখনও ক্রিজে রয়েছেন। ঋদ্ধিমান সাহাও অপরাজিত আছেন। ফলে বড় রান তোলাই বাংলার লক্ষ্য।

আজ টস জিতে বাংলাকে ব্যাট করতে পাঠান কর্ণাটক অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল। প্রথম ওভারের তৃতীয় বলেই শুভম দে শূন্য রানে বাসুকী কৌশিকের শিকার হন। ১৫.২ ওভারে কৌশিকই ফেরান সুদীপ ঘরামিকে। ২১ রানে দ্বিতীয় উইকেট পড়ে বাংলার।
এরপর সুদীপ চট্টোপাধ্যায় ও অনুষ্টুপ মজুমদারের জুটিতে ১৬১ বলে ১০০ রান ওঠে। ৪২.১ ওভারে কৌশিকের তৃতীয় শিকার হন সুদীপ। ৫টি চারের সাহায্যে তিনি ১২০ বলে ৫৫ রান করে কট বিহাইন্ড হন। সুদীপ ফেরার পর শাহবাজ আহমেদ ও অনুষ্টুপ মিলে আরও ৮০ রান যোগ করেন, ১৫৩ বলে।
১৬টি চারের সাহায্যে ১৬৪ বলে ১০১ রান করে শ্রেয়স গোপালের বলে লেগ বিফোর হন অনুষ্টুপ। অনুষ্টুপের প্রথম শ্রেণির কেরিয়ারে এটি ১৭তম শতরান। রঞ্জিতে গত ফেব্রুয়ারিতে তিনি ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধে শতরান করেছিলেন। তারপর পেলেন এদিন।
চলতি রঞ্জি ট্রফিতে উত্তরপ্রদেশ ম্যাচে অনুষ্টুপ ১ রান করেছিলেন। কেরলের বিরুদ্ধে তিনি অপরাজিত ছিলেন ২১ রানে। কোয়ার্টার ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে বাংলার কাছে কর্ণাটক ও মধ্যপ্রদেশ ম্যাচের গুরুত্ব অনেকটাই। ফলে গুরুত্বপূর্ণ সময়েই ফের পরিত্রাতা হয়ে উঠলেন চন্দননগরের রুকু।
অভিলীন ঘোষ ২৭ বলে ২২ রান করে অভিলাশ শেট্টির শিকার হন। বাংলার চতুর্থ উইকেট পড়েছিল ৬৭.৪ ওভারে ২০১ রানে। ৭৬.২ ওভারে ২৪২ রানে পড়ে পঞ্চম উইকেট। দিনের শেষে ৭৮ ওভারে বাংলার স্কোর ৫ উইকেটে ২৪৯।
শাহবাজ আহমেদ ৬টি বাউন্ডারির সৌজন্যে ১০৩ বলে ৫৪ রান করে অপরাজিত আছেন। ঋদ্ধিমান সাহা ৭ বলে ৬ রানে অপরাজিত। এখনও ব্যাট করতে নামা বাকি সুরজ সিন্ধু জয়সওয়াল, ঈশান পোড়েল, ঋষভ বিবেক ও আমির গোনির।
ময়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বাধীন কর্ণাটক দলে রয়েছেন মণীশ পাণ্ডে, সুজয় সাতেরি, নিকিন জোস, আপ স্মারান, অভিনব মনোহর, শ্রেয়স গোপাল, বাসুকী কৌশিক, বিদ্যাধর পাতিল, অভিলাশ শেট্টি ও হার্দিক রাজ। ফলে শক্তিশালী কর্ণাটকের বিরুদ্ধে প্রথম ইনিংসে যথাসম্ভব বড় রান তুলে রাখতে চাইবেন অনুষ্টুপরা, যাতে অন্তত তিন পয়েন্ট ঘরে তোলা যায়।












Click it and Unblock the Notifications