Ranji Trophy: আনমোলের অপরাজিত শতরান, ঋদ্ধির শেষ ম্যাচে পাঞ্জাবকে কম রানে আটকাতে পারল না বাংলা
Ranji Trophy: রঞ্জি ট্রফির ম্যাচে কম রানে পাঞ্জাবকে বেঁধে ফেলার সুযোগ হাতছাড়া করল বাংলা। ইডেনে টস জিতে বাংলা পাঞ্জাবকে ব্যাট করতে পাঠিয়েছিল।
৬১ রান ওঠার ফাঁকে পাঞ্জাবের অর্ধেক ব্যাটিং লাইন আপ সাজঘরে ফিরে যায়। ৭৩ রানে পড়ে যায় ষষ্ঠ উইকেট। সেখান থেকে পাঞ্জাব তুলল ৫৭.২ ওভারে ১৯১।

পাঞ্জাবের উইকেটকিপার-ব্যাটার আনমোল মালহোত্রা ১১৪ বলে ১০৬ রান করে অপরাজিত থাকেন। ১১টি চার ও ২টি ছয় মেরেছেন তিনি। প্রথম সেশনে বাংলা ৬ উইকেট ফেলে দেয়। বাকি চার উইকেট পড়ল দ্বিতীয় সেশনে।
দুই ওপেনার বিশ্বনাথ প্রতাপ সিং ০ ও প্রভসিমরণ সিং ৪ রান করেন। সহজ ধাওয়ান ২৫, আনমোলপ্রীত সিং ৪, পুখরাজ মান ১১, অধিনায়ক ময়াঙ্ক মার্কণ্ডে ৯, আরাধ্য শুক্লা ৪, গুরনুর ব্রার ২২, সুখদীপ সিং বাজওয়া ১ ও কুঁয়ার কুকরেজা ০ রানে আউট হন।
সুরজ সিন্ধু জয়সওয়াল ৬টি মেডেন-সহ ২১ ওভারে ৬৮ রান দিয়ে চার উইকেট নিলেন। ২টি মেডেন-সহ ১৮ ওভারে ৫৮ রান খরচ করে চার উইকেট নেন এই ম্যাচে অভিষেক হওয়া সুমিত মোহন্ত। মহম্মদ কাইফের ১২.২ ওভারে ৩ মেডেন, ৪১ রানের বিনিময়ে তিনি ২টি উইকেট দখল করেছেন। এই ম্য়াচে অভিষেক হলো বিশাল ভাটির। তিনি ৬ ওভারে ১৯ রান দিয়ে উইকেট পাননি।
এটি ঋদ্ধিমান সাহার শেষ ম্যাচ। তাঁকে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায় ম্যাচের আগে সংবর্ধিত করেন। পুষ্পস্তবক ও শালের পাশাপাশি ঋদ্ধির হাতে তুলে দেওয়া হয় বাংলা দলের ক্রিকেটারদের সই করা জার্সি। ঋদ্ধিকে শেষ ম্য়াচ খেলতে নামার আগে শুভেচ্ছা জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। ঋদ্ধি প্রথমে উইকেটকিপিং করেছেন। দুই ওপেনারের ক্যাচও ধরেন।












Click it and Unblock the Notifications