Ranji Trophy 2024: বাংলার লিড বাড়ালেন শামির ভাই কাইফ, ভুবনেশ্বরের ৮ উইকেটেও ব্যাকফুটে উত্তরপ্রদেশ
Ranji Trophy 2024: অন্ধ্রের কাছে প্রথম ইনিংসে পিছিয়ে পড়ে এবারের রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে ১ পয়েন্ট নিয়েও সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাকে। কানপুরের গ্রিন পার্কের সবুজ উইকেটে বাংলা সরাসরি জয় পাবে কিনা, তা বলবে সময়।
যদিও অঘটন না ঘটলে অন্তত তিন পয়েন্ট ঝুলিতে পুরেই কলকাতায় ফিরতে পারবে মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন দল। দ্বিতীয় দিনের শেষে বাংলা এখনও উত্তরপ্রদেশের চেয়ে ৮২ রানে এগিয়ে রয়েছে।

টস জিতে ফিল্ডিং নিয়ে উত্তরপ্রদেশকে ২০.৫ ওভারে ৬০ রানে থামিয়ে দিয়েছিল বাংলা। ৫.৫ ওভারে ১৪ রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন মহম্মদ কাইফ। আজ ব্যাট হাতেও অবদান রাখলেন মহম্মদ শামির ভাই। শামির মতো কাইফেরও জন্ম উত্তরপ্রদেশে। তবে তাঁরা দুজনেই বাংলা দলের হয়ে খেলেন। কাইফের এবারই রঞ্জি অভিষেক হয়েছে।
গতকাল খেলা বন্ধের সময় বাংলার স্কোর ছিল ৫ উইকেটে ৯৫। আজ ১০১ রানে ষষ্ঠ, ১০৩ রানে সপ্তম ও ১১০ রানে অষ্টম উইকেট হারিয়েছিল বাংলা। শ্রেয়াংশ ঘোষ ৯৫ বলে ৪১, করণ লাল ২১ বলে ১২ ও প্রদীপ্ত প্রামাণিক ৫ বলে ১ রান করে আউট হন। এরপর মহম্মদ কাইফ ও সুরজ জয়সওয়াল হাল ধরেন।
নবম উইকেটে এই দুজন মূল্যবান ৫২ রান যোগ করেন। ৫৭ বলে ২০ রান করে দশে নামা সুরজ, যাঁর এটিই প্রথম রঞ্জি ম্যাচ। সুরজ আউট হলে বাংলার স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১৬২। ১৮৮ রানে শেষ হয় বাংলার ইনিংস। লিড ১২৮ রানের। ঈশান পোড়েল ২৫ বলে ১০ রান করেন। কাইফ ৪টি চার ও একটি ছয়ের সৌজন্যে ৭৯ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন।
উত্তরপ্রদেশের বোলারদের মধ্যে উল্লেখযোগ্য সাফল্য ভুবনেশ্বর কুমারের। আপাতত তিনি ভারতীয় দলের বাইরে। ভুবনেশ্বর অবশ্য বাংলার বিরুদ্ধে নজর কাড়লেন। তাঁর বোলিং ফিগার ২২ ওভার, ৫ মেডেন, ৪১ রানের বিনিময়ে ৮ উইকেট। যশ দয়াল পেয়েছেন ২টি উইকেট। দ্বিতীয় দিনের শেষে উত্তরপ্রদেশ দ্বিতীয় ইনিংসে ১৮ ওভার খেলে কোনও উইকেট না হারিয়ে ৪৬ রান তুলেছে। সমর্থ সিং ২১ ও আরিয়ান জুয়াল ২০ রানে অপরাজিত রয়েছেন।
ঈশান পোড়েল ২টি মেডেন-সহ ৬ ওভারে ১৩, সুরজ জয়সওয়াল ৩টি মেডেন-সহ ৫ ওভারে ৩, কাইফ ২টি মেডেন-সহ ৬ ওভারে ২২ ও প্রদীপ্ত প্রামাণিক ১ ওভারে ৩ রান খরচ করেছেন।












Click it and Unblock the Notifications