Ranji Trophy 2024: দাদা-ভাইয়ের জুটিতে চারশোর গণ্ডি টপকালো বাংলা, দ্বিতীয় দিনের শেষে ভালো জায়গায় মনোজ ব্রিগেড
রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে ভালো জায়গায় বাংলা। প্রথম দিনে ব্যাট হাতে উজ্জ্বল পারফরম্যান্স করেছিলেন অনুষ্টুপ মজুমদার ও সৌরভ পাল। দ্বিতীয় দিনে দাদা-ভাইয়ের জুটিতে ৪০০-র গণ্ডি টপকালো বাংলা। শেষ উইকেটে ঈশানকে সঙ্গী করে অনবদ্য ইনিংস খেললেন অভিষেক।
প্রথম দিনের শেষে বাংলার স্কোর ছিল ৮৬ ওভারে ৪ উইকেটে ২৮৯। অধিনায়ক মনোজ তিওয়ারি ১৫ ও নাইটওয়াচম্যান মহম্মদ কাইফ শূন্য রানে দ্বিতীয় দিনের শুরুতে ব্যাট করতে নামেন। শনিবার দিনের শুরুতেই আউট হন মহম্মদ কাইফ। এরপর খুব বেশিদূর এগোতে পারেননি অধিনায়ক মনোজ তিওয়ারি। ৩২ রানেই আউটন বঙ্গ অধিনায়ক।

১২১ বলে ৭০ রান করেন অভিষেক। তাঁর ইনিংস ৫টি চার ও ২টি ছক্কা দিয়ে সাজানো ছিল। দাদা ঈশান কোনও রান না করলেও ২৬টি বল খেলে একটি দিক আটকে রাখেন। শেষ উইকেটে দাদা ঈশান পোড়েলকে নিয়ে ভাই অভিষেকের ৪১ রানের জুটি ভালো জায়গায় বাংলাকে পৌঁছে দেয়। প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ৪০৯ রান তোলে বাংলা। অন্ধ্রের হয়ে ৪ উইকেট নেন ললিত মোহন। দু'টি করে উইকেট নেন কেভি শশিকান্ত, নীতীশ রেড্ডী এবং শোয়েব খান।
শেষ বেলায় পরপর দুটি উইকেট নিয়ে ম্যাচে ফিরল বাংলা দল, দিনের শেষে অন্ধ্রপ্রদেশের স্কোর ৩ উইকেটে ১১৯। বাংলা ২৯০ রানে এগিয়ে। বাংলার হয়ে আকাশ, কাইফ ও প্রদীপ্ত একটি করে উইকেট নিয়েছেন। ছয় রান অপরাজিত আছেন হনুমা বিহারী। বাংলার কাছে তিনিই একমাত্র কাঁটা হতে পারেন।
শুক্রবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলা। প্রথম দিনে বাংলাকে ভরসা দিয়েছিলেন অভিষেক ম্যাচ খেলতে নামা সৌরভ পাল। ৯৬ রান করেছিলেন তিনি। সেই সঙ্গে ছিলেন অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদার ১৩৯ বলে ১২৫ রান করেছিলেন তিনি। বাংলার দিন শেষ হয়েছিল ২৮৯ রানে।
সৌরভ ১০টি চারের সাহায্যে ২৩২ বলে ৯৬ রান করে শোয়েহ মহম্মদ খানের শিকার হন। এরপর প্রথম শ্রেণির ক্রিকেটে চতুর্দশ শতরান পূর্ণ করেন অনুষ্টুপ। তিনি ১৫টি চার ও ২টি ছয়ের দৌলতে ১৩৯ বলে ১২৫ রান করেন।
মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন বাংলা দলে এই ম্যাচে অভিষেক হয়েছে তিন ক্রিকেটারের। তাঁদের মধ্যে রয়েছেন মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ।












Click it and Unblock the Notifications