Ranji Trophy: ভারতীয় দলে প্রত্যাবর্তনের লক্ষ্যে সিরিয়াস ঈশান কিষাণ, রঞ্জি খেলবেন, সামলাবেন অধিনায়কের দায়িত্বও
Ranji Trophy: ভারতীয় উইকেটকিপার-ব্যাটারদের দৌড়ে বর্তমানে কিছুটা পিছিয়ে পড়েছেন। যদিও জাতীয় দলে কামব্যাকের লক্ষ্যে সিরিয়াস ঈশান কিষাণ।
গত মরশুমে রঞ্জি ট্রফি খেলা নিয়ে গড়িমসি করেছিলেন। যার জেরে বাদ পড়েন বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও। ঘরোয়া ক্রিকেটে অনীহা দেখানো ক্রিকেটারদের বিরুদ্ধে কড়া অবস্থান নিতেই সতর্ক ও সিরিয়াস ঈশান কিষাণের মতো অনেকেই।

গত মরশুমে রঞ্জি ট্রফিতে না খেলা ঈশান কিষাণকে অধিনায়ক করেই এবার প্রথম ২টি ম্যাচের দল ঘোষণা করল ঝাড়খণ্ড। ২০১৮-১৯ মরশুমে শেষবার তিনি ঝাড়খণ্ডকে নেতৃত্ব দিয়েছেন রঞ্জিতে। গত মরশুমে শেষ ম্যাচে ঝাড়খণ্ডকে নেতৃত্ব দিয়ে অবসর নেন সৌরভ তিওয়ারি। তার আগে সব ম্যাচে নেতৃত্ব দেওয়া বিরাট সিংকে এবার সহ অধিনায়ক করা হয়েছে।
মুম্বইয়ের বিরুদ্ধে সম্প্রতি ইরানি কাপে অবশিষ্ট ভারতের হয়ে নেমেছিলেন ঈশান কিষাণ। ৩৮ রান করেন। তবে উইকেটকিপিং করেননি, ধ্রুব জুরেল সেই দায়িত্ব সামলেছেন। ইরানি কাপের আগে ভারতীয় সি দলের হয়ে ঈশান কিষাই দলীপ ট্রফির দুটি ম্যাচেও নেমেছিলেন। ২০২২ সালের পর ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে সেটিই ছিল কিষাণের প্রথম টুর্নামেন্ট। ভারতীয় বি দলের বিরুদ্ধে শতরান (১১১) হাঁকান।
তবে কুমার কুশাগ্র থাকায় রঞ্জিতেও ঈশান কিষাণকে উইকেটকিপিং করতে হবে না। গুয়াহাটিতে অসম ম্যাচ দিয়ে এলিট গ্রুপ ডি অভিযান শুরু করছে ঝাড়খণ্ড। গত মরশুমে ৭ ম্যাচের মধ্যে ২টিতে জিতেছিল তারা, হেরেছিল ২টিতে, ড্র হয়েছিল তিনটি ম্য়াচ।
সৌরভ তিওয়ারি, বরুণ অ্যারন, শাহবাজ নাদিম অবসর নেওয়ায় তরুণ ক্রিকেটারদের রেখেই এবার দল গড়েছে ঝাড়খণ্ড। আন্তর্জাতিক ক্রিকেট খেলা ঈশান কিষাণের উপর আস্থা রেখেছেন নির্বাচকরা। তাঁর নেতৃত্বে ঝাড়খণ্ড ভালো ফল করবে বলে আশাবাদী তাঁরা। দলে রয়েছেন আইপিএল খেলা অনুকূল রায়ও।












Click it and Unblock the Notifications