রঞ্জি ট্রফির নক আউটে বাংলার কোথায় উন্নতির প্রয়োজন? জানিয়ে দিলেন অশোক মালহোত্রা
রঞ্জি ট্রফি জয়ের খরা কি এবার মিটতে চলেছে? লিগ পর্বে অভিমন্যু ঈশ্বরনের দল যেভাবে খেলেছে তাতে আশাবাদী হওয়াই যায়। কিন্তু নক আউট পর্বে একটু পা ফস্কালেই ছিটকে যেতে হবে টুর্নামেন্ট থেকে। তাই লিগ পর্বের খামতি মিটিয়েই নক আউট অভিযানের পরিকল্পনা সারবে বাংলার থিঙ্কট্যাঙ্ক।

রঞ্জির নক আউট পর্ব শুরু হবে আইপিএল শেষ হলেই। অর্থাৎ মাস তিনেক পর। বাংলা শিবির মনে করছে, যে ধারাবাহিকতা দেখিয়ে দারুণ ছন্দে লিগ পর্ব শেষ করল বাংলা তাতে এরপরই নক আউটের খেলাগুলি হলে সুবিধা হতো। যদিও সব দলকেই শূন্য থেকে শুরু করতে হবে চ্যালেঞ্জিং ক্রীড়াসূচির কথা মাথায় রেখে। বাংলার কোচ অরুণ লাল থেকে সহকারী কোচ সৌরাশিস লাহিড়ি, সকলেরই দাবি নক আউট পর্বেও কোনও অসুবিধা হবে না। অরুণ লালের মতে, আইপিএল, কর্নেল সি কে নাইডু ট্রফি বা ক্লাব ক্রিকেট, ক্রিকেটাররা থাকবেন ক্রিকেটের মধ্যেই। আর ফের রঞ্জি নক আউটের জন্য যে প্রস্তুতি দরকার তা নিশ্চিত করা কোচিং স্টাফদেরই দায়িত্ব। নক আউটের আগেও শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে সৌরাশিসের।

লিগ পর্বে বাংলার সাফল্যের পিছনে নিশ্চিতভাবেই রয়েছে বোলারদের দুরন্ত পারফরম্যান্স। আকাশ দীপ, মুকেশ কুমার, ঈশান পোড়েলের পাশাপাশি নীলকণ্ঠ দাসও জ্বলে উঠেছেন বল হাতে। শাহবাজ আহমেদও ভালো বোলিং করেছেন। যে চারিত্রিক দৃঢ়তা, স্পিরিট, স্কিল ও ফিটনেস দলের ক্রিকেটাররা দেখিয়েছেন তাতে আশ্বস্ত কোচ অরুণ লাল। শেষ ম্যাচ মাস্ট উইন না হলেও দল যেভাবে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার জন্য পারফর্ম করেছে তার প্রশংসা শোনা গিয়েছে কোচের গলায়। বাংলার বোলারদের ভূমিকায় খুশি প্রাক্তন কোচ অশোক মালহোত্রাও।

ভারতের প্রাক্তন ক্রিকেটার অশোক মালহোত্রা বলেন, বোলাররা টপ ক্লাস ফর্মে থেকে প্রতিপক্ষকে দু-বার অল আউট করে দিচ্ছেন। আমরা যে জিতছি তা বোলারদের জন্যই। তবে ধীরে ধীরে ব্যাটিংও ভরসার জায়গায় যাচ্ছে। অভিমন্যু ঈশ্বরন, মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার, সায়নশেখর মণ্ডল রান করছেন। শাহবাজ আহমেদও বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে জেতাচ্ছেন। ফলে বাংলার ব্যাটিং গভীরতা নিয়ে সংশয় নেই। তবে টপ অর্ডারকে রান পেতে হবে। অভিমন্যুর সঙ্গে ওপেনার হিসেবে সুদীপ ঘরামি প্রত্যাশিতভাবে খেলতে পারছেন না। তিনে ঋত্ত্বিক রায়চৌধুরী রান পাননি। ফলে নক আউটে যদি প্রথম তিন ব্যাটার ভালো শুরু করে দিতে পারেন তাহলে বাংলার কাজ অনেকটাই সহজ হয়ে যাবে।












Click it and Unblock the Notifications