সৌরভের বায়োপিকে মুখ্য চরিত্রে রণবীর কাপুর! মহারাজের ঢাকা সফরের আগে জল্পনা তুঙ্গে
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি রণবীর কলকাতায় এসে বেহালায় মহারাজের বাড়িতেও যাবেন।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক তৈরির প্রক্রিয়া গতি পেল। সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে চর্চা তুঙ্গে। এরই মধ্যে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, রণবীর কাপুরকেই বায়োপিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। এ জন্য তিনি শীঘ্র কলকাতাতেও আসবেন।

সৌরভের বায়োপিক নিয়ে জল্পনা
সৌরভের বায়োপিক তৈরির বিষয়টি প্রথম জানা গিয়েছিল ২০১৯ সালে। কিন্তু বিসিসিআইয়ের সভাপতি বিভিন্ন কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে, চিত্রনাট্য তৈরির কাজে সেভাবে সময় দিতে পারছিলেন না। তবে সম্প্রতি সৌরভ মুম্বইয়ে যান। সেখানে বায়োপিক নির্মাতাদের সঙ্গে তাঁর কথাও হয়। ক্রিকেটার ও প্রশাসক হিসেবে সৌরভের মহারাজকীয় কেরিয়ার। তার কোন কোন অংশ বায়োপিকে থাকবে সে বিষয়ে সৌরভই চূড়ান্ত মতামত দিচ্ছেন বলে ঘনিষ্ঠ সূত্রে খবর।

রণবীরই সিলভার স্ক্রিনে মহারাজ?
সৌরভের চরিত্রে কে মানানসই হবেন তা নিয়েও তুঙ্গে ওঠে চর্চা। রণবীর কাপুরের নাম প্রথম থেকেই চর্চায় ছিল। সৌরভের টিমের সঙ্গে রণবীরের দেখাও হয়েছিল। তবে কী নিয়ে কথা হয়েছিল তা জানা যায়নি। কিন্তু অনেকেই তখন মনে করছিলেন, সৌরভও চাইছেন রণবীরকেই। যদিও হৃতিক রোশন, সিদ্ধার্থ মালহোত্রাদের নামও শোনা যাচ্ছিল। সৌরভের বায়োপিক যে লাভ রঞ্জনের প্রযোজনা সংস্থা লাভ ফিল্মস তৈরি করছে বলে জানা যাচ্ছে। তাদেরই একটি ছবি তু ঝুটি ম্যায় মক্কারে অভিনয় করছেন রণবীর। যা হোলিতে মুক্তি পাওয়ার কথা।

কলকাতাতেও আসবেন কাপুর
রণবীরের ডেট পাওয়ার উপরই সব কিছু নির্ভর করছিল বলে দাবি ইটি টাইমসের। সেই সমস্যা মিটতেই রণবীরের নাম চূড়ান্ত হয়েছে বলে সৌরভের ঘনিষ্ঠ সূত্রকে উল্লেখ করে ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে। এমনকী শ্যুটিং শুরুর আগে রণবীর কলকাতায় এসে সৌরভের বাড়ি, বড়িশা ক্লাব, ইডেন গার্ডেন্স, মোহনবাগান ক্লাব-সহ বিভিন্ন জায়গায় যাবেন বলেই জানা যাচ্ছে। বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি রণবীর। সৌরভের তরফেও এ ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে নিজের নতুন ছবির প্রচারে কলকাতায় এলে সৌরভের সঙ্গে রণবীরের সাক্ষাতের সম্ভাবনা থাকছে।

সৌরভের ঢাকা সফর
এরই মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সফরের জন্য প্রহর গুনছে ঢাকা। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে নিয়ে কাল সকালে সৌরভের ঢাকা পৌঁছনোর কথা। সেখানে একটি বেসরকারি ব্যাঙ্কের অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ, ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি উত্তর সিটি কর্পোরেশনের মেয়র কাপের উদ্বোধন করবেন। মার্চের প্রথম সপ্তাহে সেই টুর্নামেন্ট শুরু। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, সৌরভ এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কোনও অর্থ নিচ্ছেন না। মাদকের বিরুদ্ধে ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দিতেই এই আয়োজন। শিশুদের ক্রিকেট, ফুটবল, ভলিবলের মতো খেলাধুলোয় উৎসাহিত করতে এমন উদ্যোগে মহারাজ খুশি বলেই জানিয়েছেন মেয়র।












Click it and Unblock the Notifications