PM XI vs IND: গোলাপি বলে ভারতীয় পেসারদের দাপট! কনস্টাসের শতরান, পুরো ওভার খেলতে ব্যর্থ প্রধানমন্ত্রী একাদশ
PM XI vs IND: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশকে হারাতে ভারতের চাই ২৪১ রান। গোলাপি বলে দু-দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন গতকাল বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল।
আজ ম্যাচ হওয়ার কথা ছিল ৫০ ওভারের। কিন্তু খেলা শুরুর পর বৃষ্টি নামার ৪৬ ওভারের ম্যাচ হচ্ছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত টস জিতে ফিল্ডিং নিয়েছিল। গোলাপি বলে দিন-রাতের ম্যাচে দাপট দেখালেন ভারতীয় পেসাররা।

জসপ্রীত বুমরাহকে এই ম্যাচে খেলানো হয়নি। মহম্মদ সিরাজ বোলিং ওপেন করেন, অন্য প্রান্ত থেকে শুরু করেন আকাশ দীপ। এ ছাড়া হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ ও নীতীশ কুমার রেড্ডি বোলিং করলেন। স্পিনারদের মধ্যে ওয়াশিংটন সুন্দরের সঙ্গে হাত ঘোরালেন রবীন্দ্র জাদেজা।
ফলে বোঝা যাচ্ছে, রবিচন্দ্রন অশ্বিনকে অ্যাডিলেডে খেলানোর পরিকল্পনা নেই। জাদেজাকে অ্যাডিলেড টেস্টে খেলানোর পক্ষে সওয়াল করেছেন সুনীল গাভাসকর। আজ জাদেজাকে বোলিং করানোর মধ্যে স্পষ্ট ভারতের নির্ভরযোগ্য অলরাউন্ডারের কামব্যাক হতেই পারে।
৪৩.২ ওভারে ২৪০ রান তুলল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশ। তার মধ্যে ওপেনার স্যাম কনস্টাস ৯৭ বলে ১০৭ রান করলেন। পারথ টেস্টের দলে জায়গা হয়নি কনস্টাসের। দ্বিতীয় টেস্টের দলেও তিনি নেই। তবে চলতি সিরিজে সুযোগের জন্য নিজের দাবি জোরালো করলেন কনস্টাস।
কনস্টাসের ইনিংসে রয়েছে ১৪টি চার ও ১টি ছয়। তাঁর উইকেটটি নেন আকাশ দীপ। তিনে নামা জেডেন গডউইনও বাংলার পেসারের শিকার। নয়ে নামা হ্যানো জ্যাকবস ৬০ বলে ৬১ রান করলেন। জ্যাক ক্লেটন করেন ৫২ বলে ৪০। বাকিরা বলার মতো রান পাননি।
১২ রানে প্রথম ও ২২ রানে দ্বিতীয় উইকেট পড়েছিল। এরপর কনস্টাস ও ক্লেটন দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ২৩তম ওভারের চতুর্থ ও শেষ বলে যথাক্রমে ক্লেটন ও অলিভার ডেভিসকে আউট করে জোড়া ধাক্কা দেন হর্ষিত রানা। ১৩১ রানে পড়ে তৃতীয় ও চতুর্থ উইকেট।
২৫তম ওভারের প্রথম ও তৃতীয় বলে ১৩৩ রানে পঞ্চম ও ষষ্ঠ উইকেট পড়ে। অধিনায়ক জ্যাক এডওয়ার্ডস ও স্যাম হার্পারকে ফেরান সেই হর্ষিতই। ৬ ওভারে ৪৪ রান দিয়ে চারটি উইকেট পেলেন হর্ষিত রানা। আকাশ দীপ ১০ ওভারে ৫৮ রান দিয়ে ২ উইকেট নেন।
মহম্মদ সিরাজ ১টি মেডেন-সহ ৭ ওভারে ১৮ রান খরচ করে ওপেনার ম্যাট রেনশ (২০ বলে ৫)-কে ফেরান। প্রসিদ্ধ কৃষ্ণ ৬ ওভারে ৩৭ রান খরচ করে নিলেন ১ উইকেট। ওয়াশিংটন সুন্দর ৬.২ ওভারে ৩৮ ও রবীন্দ্র জাদেজা ৫ ওভারে ৩২ রান খরচ করে ১টি করে উইকেট পেলেন। রেড্ডি ৩ ওভারে ১০ রান দেন, উইকেট পাননি।
ভারতীয় দলের যে টিম লিস্ট রয়েছে তাতে রোহিত শর্মা নিজেকে রেখেছেন পাঁচ নম্বরে। লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়ালের পর শুভমান গিল, বিরাট কোহলির পর। ফলে জল্পনা চলছে, অ্যাডিলেড টেস্টে রোহিত পাঁচেই নামতে পারেন। গিল খেলতে পারেন তিনে।












Click it and Unblock the Notifications