Ram Mandir: রাম মন্দির উদ্বোধন নিয়ে উচ্ছ্বাস দক্ষিণ আফ্রিকায়, 'জয় শ্রী রাম' বলে শুভেচ্ছাবার্তা মহারাজের
Ram Mandir: অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন কাল। গর্ভগৃহে রামলালার নতুন মূর্তির প্রাণ প্রতিষ্ঠা। এই অনুষ্ঠানে যোগ দিতে দেশ-বিদেশ থেকে বহু অতিথি, অভ্যাগত আসতে শুরু করেছেন শ্রী রামচন্দ্রের জন্মভূমিতে।
ভারতীয় ক্রিকেট দলের একঝাঁক প্রাক্তন ও বর্তমান ক্রিকেট তারকা আমন্ত্রিত। রাম মন্দির উদ্বোধন ঘিরে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ আফ্রিকার প্রবাসী ভারতীয়দের মধ্যে।

দক্ষিণ আফ্রিকা দলের নির্ভরযোগ্য ক্রিকেটার কেশব মহারাজ রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছাবার্তা দিলেন। সম্প্রতি দেখা যাচ্ছে, কেশব মহারাজ ব্যাট করতে নামলেই স্টেডিয়ামের ডিজে বাজান আদিপুরুষ ছবির জয় সিয়ারাম গানটি। দক্ষিণ আফ্রিকায় ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজেও তেমনটাই হয়েছিল।
কেশব মহারাজ যখন ব্যাট করতে নামেন তখন স্টেডিয়ামে ওই গান বাজতেই ভারতীয় দলের উইকেটকিপার লোকেশ রাহুল ইশারা করেন মহারাজের দিকে। তিনি বলেছিলেন, কেশব ভাই, তুমি ব্যাট করতে নামার সময়ই এই গান বাজানো হয়? মুখে স্মিত হাসি নিয়ে মহারাজ বলেছিলেন, হ্যাঁ।
বিরাট কোহলিকে সেই সময় তির-ধনুক ধরার মতো ভঙ্গিমায় দেখা যায়। এরপরই করজোড়ে নমস্কার করেন। বিরাটের রাম-ভক্তির সেই ভিডিও ভাইরালও হয়েছিল। ভারতীয় বংশোদ্ভূত কেশব মহারাজ গত বছর দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপ খেলতে এসে ভারতের বিভিন্ন মন্দিরেও গিয়েছিলেন।
মহারাজের পূর্বসূরীরা থাকতেন উত্তরপ্রদেশের সুলতানপুর গ্রামে। কেশব মহারাজের ব্যাটে ওঁ চিহ্নও নজর কেড়েছে ইতিমধ্যেই। হিন্দু ধর্মের প্রতি তাঁর আস্থা ও ভক্তি লক্ষ্য করা গিয়েছিল যখন তিনি কেরলের পদ্মনাভস্বামী মন্দিরে গিয়েছিলেন। এবার রাম মন্দির উদ্বোধনের আগে তিনি দিলেন শুভেচ্ছাবার্তা। শান্তি, সংহতি, আধ্যাত্মিকতা বজায় রেখে সকলে এই অনুষ্ঠানের সাক্ষী হবেন, এমনই প্রত্যাশা মহারাজের। সবশেষে তিনি বলেছেন, জয় শ্রী রাম! সকলের সমৃদ্ধিও কামনা করেছেন।












Click it and Unblock the Notifications