বিরাট কোহলির পাশে দাঁড়িয়ে থাকা এই নারীকে চেনেন? টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলে তাঁর কী ভূমিকা?
টি ২০ বিশ্বকাপের আগে পারথে প্রস্তুতি সেরে ব্রিসবেনে পৌঁছে গিয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। এরই মধ্যে টিম বন্ডিং জোরদার করতে ক্রিকেট থেকে ছুটি নিয়ে গোটা দল ঘুরতে গিয়েছিল রটনেস্ট আইল্যান্ডে। তারই একাধিক ছবি ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেটারদের সঙ্গে একমাত্র নারীর উপস্থিতি দেখে অনেকে কৌতূহলী হয়ে জানতে চাইছেন তাঁর পরিচয়।
ভারতীয় দলে মহিলা সাপোর্ট স্টাফ
বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই। ক্রিকেটারদের সমস্ত সুযোগ-সুবিধার বন্দোবস্ত করা হয় বোর্ডের তরফে। দলের সঙ্গে রয়েছেন একাধিক সাপোর্ট স্টাফ। তাঁদেরই অন্যতম হলেন রাজলক্ষ্মী অরোরা। তিনিই একমাত্র মহিলা সাপোর্ট স্টাফ। সাত বছরেরও বেশি সময় ধরে তিনি ভারতীয় দলের সঙ্গে যুক্ত রয়েছেন।
সাংবাদিকতা থেকে বোর্ডে সিনিয়র প্রোডিউসার
রাজলক্ষ্মী অরোরার লিঙ্কডইনের প্রোফাইল অনুয়ায়ী তাঁর পড়াশোনা রিভারডেল হাই স্কুলে। স্কুলে বাস্কেটবল ও শ্যুটিং টিমের সদস্য, বিতর্কসভাতেও অংশ নিয়েছেন। ২০০৯ সালে ভর্তি হন পুনের সিমবায়োসিস ইনস্টিটিউট অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনে, ২০১২ সালে মিডিয়া স্টাডিজে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন। কোর্স করার ফাঁকে রুরাল লিটিগেশন ও এনটাইটেলমেন্ট কেন্দ্র এবং ওএনজিসি-তে ইন্টার্নশিপ করেন রাজলক্ষ্মী। সাহারা সময়, সিএনএন আইবিএনেও ইন্টার্নশিপ করেছেন। ২০১৩ সালে সকাল টাইমসে যোগ দেন। সকাল মিডিয়া গ্রুপে ফিচার রাইটারের চাকরি করেছেন। সেখানে বছর দুয়েক কর্মরত থাকার পর যোগ দেন বিসিসিআইয়ে।
গুরুত্বপূর্ণ দায়িত্বে
২০১৫ সালে বিসিসিআইয়ে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের পদে যোগ দেন রাজলক্ষ্মী। সেখান থেকে সিনিয়র প্রোডিউসারের ভূমিকায় উত্তরণ। ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেটপ্রেমীদের সম্পর্ক নিবিড় করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। ভারতীয় ক্রিকেট দল, আইপিএল এবং বিসিসিআই টিভির সিনিয়র প্রোডিউসার রজল মাঠে এবং মাঠের বাইরে ক্রিকেটারদের বিভিন্ন মুহূর্ত ক্রিকেটপ্রেমীদের সামনে উপস্থাপিত করার যাবতীয় প্রক্রিয়ার তত্ত্বাবধানের দায়িত্বে।
বোর্ডের গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্বে
ইনস্টাগ্রামে রাজলক্ষ্মী অরোরা খুব সক্রিয়। তাঁর ফলোয়ারের সংখ্যা ৪৯ হাজার ৮০০-র বেশি। ২০১৯ সালে রাজলক্ষ্মীকে বিসিসিআইয়ের চার সদস্যের অভ্যন্তরীণ কমিটিতে রাখা হয়। যৌন হেনস্থা সংক্রান্ত কোনও অভিযোগ এলে তা খতিয়ে দেখে এই কমিটি। করিনা কৃপালনীর পদত্যাগের পর অরোরা এই দায়িত্ব পান। এ ছাড়া তিনি বিসিসিআইয়ের অভ্যন্তরীণ কোনও অভিযোগ খতিয়ে দেখার যে কমিটি রয়েছে তারও শীর্ষে। খেলোয়াড়দের দুর্ব্যবহার সংক্রান্ত বিষয়ে নজর রাখে এই কমিটি।
টি ২০ বিশ্বকাপেও দায়িত্ব উপভোগ করছেন
বিসিসিআইয়ের মিডিয়া ও কমিউনিকেশন টিমের প্রোডিউসার হিসেবে সংবাদমাধ্যমের সঙ্গে ক্রিকেটারদের যোগাযোগের বিষয়টিও তিনি দেখে থাকেন। অস্ট্রেলিয়াতেও সংবাদমাধ্যমের সঙ্গে ক্রিকেটারদের কথা বলানোর বিষয়টি তিনি দেখভাল করছেন। বিভিন্ন ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোডের কাজগুলিও চলছে তাঁর তত্ত্বাবধানে।
(ছবি- রাজলক্ষ্মী অরোরার ইনস্টাগ্রাম)












Click it and Unblock the Notifications