বড় ধাক্কা আরসিবি শিবিরে, আইপিএলে খেলতে পারবেন না রজত পাটীদার
আইপিএলে শুরুতেই বড় ধাক্কা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। চোটের কারনে আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গেলেন দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান রজত পাটীদার। মঙ্গলবার ব্যাঙ্গালোর ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে,গোড়ালিতে চোটের জন্য চলতি মরসুমে আর আইপিএল খেলার কোনও সম্ভাবনা নেই মধ্যপ্রদেশের ব্যাটসম্যানের। তবে তার বিকল্প কে হবেন তা এখনও ঘোষণা করা হয়নি আরসিবির পক্ষ থেকে।
বিরাটদের দলে নির্ভরযোগ্য ওপেনিং ব্যাটসম্যান ছিলেন রজত পাটীদার। কিন্তু মরসুম শুরুর আগে থেকেই তার খেলা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। কারন চোট নিয়েই বিরাটদের ক্যাম্পে এসেছিলেন পাটীদার। অবশেষে মঙ্গলবার আরসিবির পক্ষ থেকে সরকারি ভাবে জানিয়ে দেওয়া হয়েছে গোড়ালিতে চোটের জন্য এই মরসুমে খেলতে পারবেন না রজত পাটীদার ।

আইপিএলের আগে গোড়ালি চোট সারিয়ে তোলার জন্য ব্যাঙ্গালোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ছিলেন পাটীদার। তাকে আইপিএলের প্রথমার্ধে পাওয়া যাবে না বলেই প্রাথমিকভাবে খবর আসছিল। কিন্তু আরসিবি কর্তৃপক্ষ তাকে প্রথম থেকেই দলের রাখা সিদ্ধান্ত নেন। এর ফলে এনসিএ ছেড়ে আরসিবি দলের সঙ্গে যোগ দেন তিনি। আশা করা গিয়েছিল প্রথম দিকে কয়েকটা ম্যাচে খেলতে না পারলেও টুর্নামেন্টের পরবর্তীকালে ফিট হয়ে উঠবেন রজত। কিন্তু আপাতত সেই সম্ভাবনা বিলীন হয়ে গেল।
২০২২ সালের আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন ভারতীয় এই ব্যাটসম্যান। ৮ ম্যাচে ৩৩৩ রান এসেছিল তার ব্যাট থেকে। এমনকি গতবছরের প্লে অফে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শতরানও করেছিলেন পাটীদার। চলতি মরসুমে ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করেছিলেন এই ডান হাতি ব্যাটসম্যান। স্বাভাবিকভাবে তাঁকে নিয়ে প্রত্যাশার পারদও ছিল তুঙ্গে। তবে আইপিএলের মঞ্চে এবার আর পারফর্ম করা হলো না তার।

মঙ্গলবার বেলাশেষে আরসিবির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে,' দুর্ভাগ্যজনকভাবে রজত পাটীদার আইপিএল ২০২৩ -এ খেলতে পারবেন না। দলের পক্ষ থেকে খুব দ্রুত তার আরোগ্য কামনা হয়েছে এবং তার সুস্থতার পথে সব ধরনের সহযোগিতা থাকবে। কোচ এবং টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে তাঁকে রিলিজ করে দেওয়ার। তবে পাটীদারের বিকল্প ক্রিকেটার তা এখনও সিদ্ধান্ত হয়নি।'
চোটের জন্য এখনও অস্ট্রেলিয়া থেকে আসতেই পারেননি জোশ হ্যাজেলউড।আরসিবির আরও এক তারকা ক্রিকেটার রিস টপলি চোট পেয়ে অনিশ্চিত হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে পাটীদারের ছিটকে যাওয়া ফাফ দু প্লেসির দলের কাছে বড় ধাক্কা। আইপিএলে আগামী বৃহস্পতিবার ইডেনে কেকেআরের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে আরসিবি।












Click it and Unblock the Notifications