IPL 2021: রাজস্থান রয়্যালস পাবে না জস বাটলারকেও, ধাক্কা সামলাতে গ্লেন ফিলিপস ভরসা
সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের বাকি ম্যাচগুলি শুরুর আগে ফের বড় ধাক্কা খেল রাজস্থান রয়্যালস। এবারের আইপিএলের গোড়া থেকেই বিদেশিদের নিয়ে সমস্যায় ভুগছে রাজস্থান রয়্যালস। এমন অবস্থা দাঁড়িয়েছিল চার বিদেশির চারজনকে খেলিয়েই অবস্থা সামাল দিতে হচ্ছিল সঞ্জু স্যামসনদের। এবার জস বাটলারের ছিটকে যাওয়া সবচেয়ে বড় ধাক্কা।

আইপিএলে নেই বাটলার
বেন স্টোকস, জোফ্রা আর্চারদের পাওয়া যে যাবে না তা স্পষ্ট হয়ে গিয়েছিল আগেই। এবার ছিটকে গেলেন জস বাটলারও। আইপিএলে পয়েন্ট তালিকায় রাজস্থান রয়্যালসকে পাঁচে তুলে আনার পিছনে বড় অবদান ছিল বাটলারের। সাতটি ম্যাচে তিনি ২৫৪ রান করেছেন এ বছরের আইপিএলে। একটি শতরান (১২৪)। ১৫৩-র উপর স্ট্রাইক রেট রেখে দলের জয়ে অবদান রেখেছেন। অধিনায়ক সঞ্জু স্যামসন যেখানে সাত ম্যাচে ২৭৭ রান করেছেন, সর্বাধিক ১১৯ রান-সহ সেখানে বাটলার এবারের আইপিএলের সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় সঞ্জুর ঠিক দুই ধাপ নীচে সপ্তম স্থানে রয়েছেন। শুধু তাই নয়, তরুণ ক্রিকেটারদের গাইড করতেও দেখা যাচ্ছিল বাটলারকে, মাঠে এবং মাঠের বাইরে। ফলে তাঁর না থাকা রাজস্থানের চিন্তা বাড়াল।
ছবি- বিসিসিআই/আইপিএল
|
নতুন মুখ ফিলিপস
যদিও বাটলারের পরিবর্ত পেয়েছে রাজস্থান রয়্যালস। এবারের আইপিএলের প্রথম পরিবর্ত ক্রিকেটার হিসেবে সই করানো হয়েছে গ্লেন ফিলিপসকে। নিউজিল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান দ্য হান্ড্রেডে ভালো খেলেছেন ওয়েলস ফায়ারের হয়ে। শেষ ম্যাচে লন্ডন স্পিরিটের বিরুদ্ধে করেছিলেন ৩৫ বলে ৮০, পাঁচটি চার ও সাতটি ছক্কা-সহ। ট্রেন্ট রকেটসের বিরুদ্ধে ৩৫ বলে ৫০ রান করেন। উইকেটকিপার হলেও অফ স্পিন বোলিংও করেন ফিলিপস। নিউজিল্যান্ডের হয়ে ২৫টি টি ২০ আন্তর্জাতিকে ৫০৬ রান করেছেন, সর্বাধিক ১০৮। একটি শতরান ও দুটি অর্ধশতরান রয়েছে। কেরিয়ারে ১৩৪টি টি ২০ ম্যাচ খেলেছেন। রান ৩৭৪৪। সর্বাধিক অপরাজিত ১১৬ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। টি ২০ আন্তর্জাতিকে স্ট্রাইক রেট ১৪৯.৭০, টি ২০ কেরিয়ারে স্ট্রাইক রেট ১৪৩.২৮। টি ২০ আন্তর্জাতিকে ২টি, প্রথম শ্রেণির ক্রিকেটে ২৬টি, ৫০ ওভারের ক্রিকেটে ৪টি ও টি ২০ কেরিয়ারে ৭টি উইকেট রয়েছে ফিলিপসের।
|
পারিবারিক কারণে সিদ্ধান্ত
বাটলার অবশ্য ক্রিকেটীয় কারণে আইপিএল থেকে সরে দাঁড়াননি। তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। কিছুদিনের মধ্যেই তাঁদের ঘরে দ্বিতীয় সন্তান আসতে চলেছে। এই কারণেই স্ত্রী-র পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বাটলার। তবে এখনও বেশ কয়েকজন ক্রিকেটারের বিকল্পের সন্ধানে রয়েছে রাজস্থান রয়্যালস। তাঁদের নামও দ্রুত চূড়ান্ত করে ফেলা হবে।












Click it and Unblock the Notifications