রাজ এবং রবির দাপটে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে চালকের আসনে ভারত
রাজ এবং রবির দাপটে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে চালকের আসনে ভারত
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে চালকের আসনে ভারত। রাজ বাওয়া এবং রবি কুমারে দুরন্ত বোলিং-এর সৌজন্যে দুশো রানের আগেই ইংল্যান্ডের ইনিংসকে আটকে দেয় ভারত। রাজ বাওয়া একাই নিয়েছেন পাঁচটি উইকেট। চারটি উইকেট পেয়েছেন রবি কুমার।

রবি এবং রাজের যুগলবন্দীর সামনে ইংল্যান্ডের জেমস রিউ ছাড়া কোনও ক্রিকেটারই টিকতে পারেননি। ৪৪.৫ ওভারে ১৮৯ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। তবে, এই ইনিংস আরও আগেই গুটিয়ে ফেলতে পারত ভারত। একটা সময়ে ৯১ রানে ৭ উইকেট হারিয়ে ভেন্টিলেশনে চলে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু জেমসের ইনিংস কিছুটা হলেও ম্যাচে ফিরতে সাহায্য করে ইংল্যান্ডকে।
এ দিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে ভারতীয় পেস বোলিং লাইন। হিমাচল প্রদেশের রাজ পাঁচটি উইকেট নেন এই ম্যাচে। শুধু রাজ একাই নন, ভারতকে পঞ্চমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের দিকে এগিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বাংলার রবি কুমার। চারটি উইকেট নিয়েছেন রবি। ইংল্যান্ডের ব্যাটিং লাইনে ধসের সূচনা হয়েছিল রবির মধ্যে দিয়েই। অবশিষ্ট একটি উইকেট নিয়েছেন কুশল তাম্বে।
একটা সময়ে ইংল্যান্ডের রান দাঁড়িয়েছিল ৯৭/৭। পঞ্চাশ রান তুলতেই অর্ধেক ব্যাটিং লাইন প্যাভিলিয়নে ফিরে গিয়েছিল ইংল্যান্ডের। এই অবস্থায় অতি বড় ইংরেজও হয়তো মনে করেননি দল ১৫০ রানের গণ্ডি টপকাতে পারবে। কিন্তু এই অবস্থাতেও ইংল্যান্ডের ইনিংস সম্মানজনক পর্যায়ে পৌঁছতে পেরেছে এক মাত্র জেমসের কারণে। মাত্র পাঁচ রানের জন্য শতরান মিস করলেও জেমস রিউ ৯৫ রানের যে ইনিংস খেলেছে তাকে কুর্ণিশ জানাতে বাধ্য গোটা ইংল্যান্ড। তাঁর ব্যাট থেকে ৯৫ রান না এলে ১২০ রানও ইংল্যান্ড হয়তো তুলতে পারত না স্কোরবোর্ডে। জেমস রিউ ছাড়া ইংল্যান্ডের ইনিংসকে এগিয়ে যেতে সাহায্য করেছেন জেমস সেলস। লোয়ার অর্ডারে গুরুত্বপূর্ণ ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেন সেলস। এই দুই জেমসের কারণেই ভারতের সামনে ১৯০ রানের টার্গেট দিতে পেরেছে ইংল্যান্ড।












Click it and Unblock the Notifications