টি ২০ বিশ্বকাপে ব্যাঘাত ঘটাতে পারে প্রতিকূল আবহাওয়া, ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির পূর্বাভাস
টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের খেলা শুরু হচ্ছে শনিবার থেকে। সিডনিতে ভারতীয় সময় বেলা সাড়ে ১২টা থেকে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচ। এরপর বিকেল সাড়ে চারটে থেকে পারথে সান্ধ্যকালীন ম্যাচে ইংল্যান্ড-আফগানিস্তান দ্বৈরথ। রবিবার ভারতীয় সময় বেলা দেড়টা থেকে ভারত-পাকিস্তান ম্যাচ হবে মেলবোর্নে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সুপার টুয়েলভের বেশ কয়েকটি ম্যাচ ব্যাহত হতে পারে প্রতিকূল আবহাওয়ার জন্য।

নিয়ম অনুযায়ী কোনও ম্যাচের ফলাফল নির্ধারণে পাঁচ ওভারের ম্যাচ সম্পূর্ণ হতেই হবে। ফলে বৃষ্টি ব্যাঘাত ঘটালে গুরুত্বপূর্ণ হবে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির হিসেবনিকেশ। সুপার টুয়েলভের ম্যাচের জন্য কোনও রিজার্ভ ডে নেই। ফলে বৃষ্টিতে কোনও ম্যাচ না হলে পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হবে দলগুলি। একমাত্র সেমিফাইনাল ও ফাইনালের রিজার্ভ ডে রাখা হয়েছে। পূর্ব ও দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ায় লা নিনা (La Niña)-র প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সিডনিতে শনিবারের অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ। ওইদিন বজ্রবিদ্যুৎ-সহ ১ থেকে ৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। প্রথম রাউন্ডের গ্রুপ বি-তে চারটি দলের দখলেই ২ ম্যাচে ২ পয়েন্ট করে। নেট রান রেটের নিরিখে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে স্কটল্যান্ড। এরপর যথাক্রমে জিম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। কাল হোবার্টে আয়ারল্যান্ডের ম্যাচ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। স্কটল্যান্ডের ম্যাচ রয়েছে জিম্বাবোয়ের বিরুদ্ধে। এই দুটি ম্যাচে যারাই জিতবে তারাই পৌঁছে যাবে সুপার টুয়েলভে। কিন্তু হোবার্টে আগামীকাল দুপুর ও বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৬০ শতাংশ। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে বেকায়দায় পড়বে দু-বারের টি ২০ বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজই।
ভারত-পাকিস্তান দ্বৈরথ এমসিজিতে রয়েছে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে। ওইদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৯০ শতাংশ। ১০ থেকে ২৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। হোবার্টে রবি এবং সোমবারেও বিশ্বকাপের ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলিতেও বৃষ্টি ব্য়াঘাত ঘটাতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। জিলংয়ে আজ প্রথম রাউন্ডের গ্রুপ এ-র ম্যাচগুলি চলছে। সেখানে আবহাওয়া নিয়ে আজ অন্তত চিন্তার কারণ নেই। এদিন সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাতে ম্যাচের ফলাফল নির্ধারণে অসুবিধা হওয়ার কথা নয়। শনিবার পারথে ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচ চলাকালীন অবশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।












Click it and Unblock the Notifications