মেলবোর্নের বৃষ্টিতে ধুয়ে যাবে টি ২০ বিশ্বকাপ ফাইনাল? ইংল্যান্ড-পাকিস্তান দ্বৈরথে জয়ী নির্ধারণ কোন পথে?
টি ২০ বিশ্বকাপের ফাইনালে মেলবোর্নে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। রবিবার এমসিজিতে ফাইনাল। যদিও এবারের টি ২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের নাম জানতে অপেক্ষা করতে হবে সোমবার পর্যন্ত। পাকিস্তান ও ইংল্যান্ড এই নিয়ে তিনবার টি ২০ বিশ্বকাপ ফাইনাল খেলবে। পাকিস্তান ২০০৯ সালে ও ইংল্যান্ড ২০১০ সালে টি ২০ বিশ্বকাপ জিতেছিল। এবার তাদের ট্রফি ভাগাভাগি করেও সন্তুষ্ট থাকতে হতে পারে।
|
ফাইনালে বৃষ্টির আশঙ্কা
টি ২০ বিশ্বকাপ ফাইনালের আগে এখন সকলেরই নজর মেলবোর্নের আকাশের দিকে। স্থানীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুয়ায়ী ইংল্যান্ড-পাকিস্তান ফাইনালের দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৯৫ শতাংশ। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ, ব্যুরো অব মেটেরোলজি জানিয়েছে, রবিবার মেলবোর্নে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। ১৫ থেকে ২৫ মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া, বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনাই চিন্তা বাড়াচ্ছে ইংল্যান্ড ও পাকিস্তান দল, ক্রিকেটপ্রেমী, এমনকী আয়োজকদের।
|
রিজার্ভ ডে-তেও স্বস্তি নেই
টি ২০ বিশ্বকাপ ফাইনালের জন্য রিজার্ভ ডে রয়েছে। সেখানেও স্বস্তি নেই। সোমবার রিজার্ভ ডে-তেও বৃষ্টিপাতের সম্ভাবনা সেই ৯৫ শতাংশ। ৫ থেকে ১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। গ্রুপ পর্যায়ে ৫ ওভারের ম্যাচে জয়ী নির্ধারণ করা যায়। কিন্তু টি ২০ বিশ্বকাপের নক আউট পর্বে জয়-পরাজয় নির্ধারণের জন্য দুই দলেরই ১০ ওভার খেলাটা জরুরি। মেলবোর্নে চলতি টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে, যেখানে একটিও বল করা যায়নি। সেই ম্যাচগুলি হলো নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান, আফগানিস্তান বনাম আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড। ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচে বৃষ্টির কারণে ওভার কমানো হয়েছিল, যাতে আইরিশরা জেতে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে। হোবার্টে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগ মানতে হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়েকে। বাকি ম্যাচগুলি বৃষ্টির ভ্রুকুটি এড়াতে পারলেও ফাইনালের আগে ফিরল সেই চিন্তা।

কী হবে বৃষ্টি হলে?
মেলবোর্নে ভারত-পাকিস্তান ম্য়াচেও বৃষ্টির আশঙ্কা ছিল। তবে সেই ম্যাচটিতে বৃষ্টির ব্যাঘাত ঘটেনি। তেমনটা রবিবারের জন্যও চাইছেন অনেকেই। বৃষ্টি হলেও যদি ওভার কমিয়ে খেলা সম্পূর্ণ করা যায় তাহলে ফাইনালে সেই চেষ্টা প্রথমে করা হবে। নির্ধারিত সময়ে খেলা শেষ করা না গেলে তা গড়াবে রিজার্ভ ডে-তে। রবিবার যে অবধি খেলা সম্ভব হবে, সেখান থেকেই সোমবার রিজার্ভ ডে-তে ফের খেলা শুরু করা যাবে নিয়মমতো। টস হয়ে গেলেই ম্যাচটি লাইভ ধরা হবে। যদি ওভার কমিয়েও বৃষ্টির কারণে খেলা শুরু করা না যায় তাহলে রিজার্ভ ডে-তে ২০ ওভারের ম্যাচই হবে। খেলা শুরুর পর বৃষ্টি নামল, ওভার কমিয়েও প্রয়োজনীয় ওভার করানো গেল না, তেমন পরিস্থিতিতে রিজার্ভ ডে-তে খেলা হবে। সেক্ষেত্রে খেলা যেখানে থমকেছিল, সেখান থেকেই শুরু হবে। পুরো খেলা ফাইনালের জন্য অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ রয়েছে। রিজার্ভ ডে-তে ২ ঘণ্টা অতিরিক্ত সময় রাখা হয়েছে, স্থানীয় সময় বিকেল তিনটেয় খেলা শুরু হবে।

কাপ ভাগাভাগি?
দুই দিন মিলিয়েও প্রয়োজনীয় ওভার সম্পূর্ণ করা না গেলে ইংল্যান্ড ও পাকিস্তানকে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে। ২০১৯ সালের বিশ্বকাপে ওল্ড ট্র্যাফোর্ডে ভার-নিউজিল্যান্ড সেমিফাইনাল হয়েছিল দুই দিন ধরে। ২০০২-০৩ মরশুমে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ব্যাহত বৃষ্টিতে, ভারত ও শ্রীলঙ্কাকে ট্রফি ভাগাভাগি করতে হয়। সেবার ফাইনালের নির্ধারিত দিন এবং রিজার্ভ ডে-তে খেলা শুরু হয়েছিল। দুই দিনই শ্রীলঙ্কা ৫০ ওভার ব্যাটিং করে, তবে ভারতী ইনিংস চলার মধ্যেই বৃষ্টি নেমেছিল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও অতিরিক্ত দিন কাজে লেগেছিল।












Click it and Unblock the Notifications